কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, হাওরাঞ্চলের ধান যথাসময়ে কাটার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। ধান যেন কোনোভাবেই নষ্ট না হয়। মন্ত্রী গতকাল কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের হাওরাঞ্চলের ধান কাটার অগ্রগতি ও সার্বিক বিষয় নিয়ে সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সভায় কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ, হাওরাঞ্চলের মাঠ প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।
মন্ত্রী বলেন, সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে সমন্বয় করে যথাসময়ে হাওরাঞ্চলের ধান কাটা শেষ করতে হবে। যেসব অঞ্চলে ধান আগে কাটার উপযোগী সেখানে পার্শ্ববর্তী এলাকা থেকে প্রয়োজনে হার্ভেস্টার ও ধান কাটার শ্রমিক এনে ধান কাটতে হবে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করতে মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
হার্ভেস্টারের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেলের সরবরাহ রয়েছে বলে সভায় হাওরাঞ্চলের মাঠ প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা অবহিত করেন।
মন্ত্রী বলেন, কৃষি খাতের জন্য জ্বালানি তেলের সমস্যা হবে না। হাওরে পানি ঢোকার আগেই সব ধান কেটে ফেলতে হবে। কোনোভাবেই যেন ফসল নষ্ট না হয়, সেদিকে সর্বোচ্চ নজর দিতে হবে।
