লাইসেন্স বহাল দাবিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৭:৪৫ এএম

সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ (সংশোধিত) অনুযায়ী খুচরা ডিলারদের লাইসেন্স বাতিলের প্রতিবাদে ঢাকায় মানববন্ধন পালন করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা দেশ থেকে আসা খুচরা সার ব্যবসায়ীরা এই কর্মসূচি পালন করেন। এ সময় জেলা উপজেলার নেতারা দাবির পক্ষে বক্তৃতা দেন। কর্মসূচি চলাকালীন বিক্রেতাদের একটি প্রতিনিধিদল কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি দাওয়া তুলে ধরেন।

সার বিক্রেতাদের দাবি, ২০০৯ সাল থেকে সরকারি অনুমোদন ও কার্ড নিয়ে তারা কৃষকদের কাছে সার বিক্রি করে আসছেন। নতুন নীতিমালায় তাদের বাদ দেওয়ায় ৪৪ হাজার খুচরা বিক্রেতা ও তাদের ওপর নির্ভরশীল লাখো মানুষের জীবিকা হারানোর ঝুঁকি তৈরি হয়েছে।

সংগঠনের নেতারা বলেন, গত ১০ আগস্ট সংশোধিত নীতিমালা জারি করা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সার বিক্রি করে আসা কার্ডধারী খুচরা বিক্রেতারা বাদ পড়েছেন। খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. ফোরকান বলেন, ৪০ বছর ধরে এ দেশের কৃষকের সেবা দিয়ে আসছি। আমাদের অন্য কোনো আয়ের উৎস নেই। ৪৪ হাজার পরিবারের অস্তিত্ব রক্ষায় এই বৈষম্যমূলক নীতিমালা পুনর্বিবেচনা করা হোক।

বিক্রেতাদের ভাষ্য, নতুন ব্যবস্থায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) পৃথক পরিবেশক প্রথা বিলুপ্ত করে চালু হচ্ছে সমন্বিত ব্যবস্থা। এতে পুরোনোরা বাদ পড়বেন। মাঠপর্যায়ে কৃষকদের কাছে সার পৌঁছাতে সমস্যা হতে পারে বলেও তারা আশঙ্কা করছেন।

জানা গেছে, কৃষিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে সার বিক্রেতারা ডিলারদের নানা অনিয়মের কথা তুলে ধরেন। ডিলাররা তাদের ইতিমধ্যেই বাদ দেওয়ার কথা বলে দিয়েছেন। তারা জানিয়েছেন বিসিআইসির ডিলাররা নিয়মকানুন মানলেও বিএডিসির ডিলাররা নানা ধরনের ঝামেলা তৈরি করে। তারা বরাদ্দকৃত সার না তুলে তা অন্যজনের কাছে বিক্রি করে দেন। যা সারের দাম বৃদ্ধিতে ভূমিকা রাখে।

তারা জানান, সারা দেশে খুচরা সার বিক্রেতাদের অনেক টাকা বকেয়া রয়েছে। লাইসেন্স না থাকলে এই টাকা পরবর্তী সময়ে তুলতে না পারার ঝুঁকির কথাও জানান বিক্রেতারা।

এ সময় মন্ত্রী যেখানে যেখানে নতুন ডিলার প্রয়োজন সেখানে তাদেরকে আবেদন করার কথা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত