পশ্চিমবঙ্গ নির্বাচন

বুড়িমারী স্থলবন্দরে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০১:৫২ এএম

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে চার দিনের জন্য বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত বন্দরে কোনো আমদানি-রপ্তানি হবে না। তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনের মাধ্যমে যাত্রী পারাপার নিয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে ২৪ এপ্রিল বাংলাদেশে সাপ্তাহিক সরকারি ছুটি হওয়ায় ওই দিনও বন্দর বন্ধ থাকবে। ফলে টানা চার দিন পর আগামী ২৫ এপ্রিল (শনিবার) সকাল থেকে পুনরায় বন্দরের স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

ভারতের নির্বাচন কমিশন ও পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কর্মকর্তার নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গত ২০ এপ্রিল সন্ধ্যায় নিশ্চিত করেছেন বন্দর সংশ্লিষ্টরা।

বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন জানায়, ভারতের কোচবিহার জেলা ম্যাজিস্ট্রেট জিতিন যাদবের সই করা একটি চিঠির মাধ্যমে বিষয়টি তাদের জানানো হয়েছে। ভারতের নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সীমান্ত সিলমোহর এবং চলাচলের ওপর বিধিনিষেধ জারি করা হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহতি (বিএনএসএস) ২০২৩-এর ১৬৩ ধারা অনুযায়ী এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ বলেন, ‘ভারতের নির্বাচন উপলক্ষে সে দেশের চ্যাংড়াবান্ধা বন্দর কর্তৃপক্ষ ও জেলা ম্যাজিস্ট্রেট আমাদের বন্ধের বিষয়টি জানিয়েছেন। আমরা কাস্টমস, বিজিবি ও বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব পক্ষকে চিঠির মাধ্যমে বিষয়টি অবহিত করেছি।’

বুড়িমারী স্থলবন্দর পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) সাইফুর রহমান জানান, সাধারণ যাত্রী পারাপার বন্ধ থাকলেও জরুরি চিকিৎসা সংক্রান্ত ভিসাধারী যাত্রী এবং ভারতীয় নাগরিকরা এই সময়ে যাতায়াত করতে পারবেন।

জানা গেছে, পশ্চিমবঙ্গের ১৮তম বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ৪ মে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত