ঘাটের সিডিউল নিয়ে বিএনপি জামায়াত এনসিপির সংঘর্ষ

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ এএম

নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের সিডিউল জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপ ও জামায়াত এনসিপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪-৫ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলা কার্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী রাজাপুর গুদারাঘাটের সিডিউল জমা দিতে গেলে বিএনপির নজরুল গ্রুপ ও রশিদ মেম্বার গ্রুপ, জামায়াত এনসিপি সমর্থিত আলিফ দেওয়ান গ্রুপকে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিত-া, পরে ধাক্কাধাক্কি এবং সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি। দুপুর ২টা পর্যন্ত থেমে থেমে উত্তেজনা চলতে থাকে। এতে এনসিপি সমর্থক তরিকুল ইসলামসহ কয়েকজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে টেন্ডার ড্রপের সময় ধাক্কাধাক্কির মধ্যেই এনসিপির লোকজন সিডিউল জমা দেওয়ার চেষ্টা করেন, এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, সিডিউল জমা দেওয়া নিয়ে এক পক্ষ অপর পক্ষকে বাধা দিলে উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুবুল আলম বলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী গুদারাঘাট নিয়ে ২ পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির হয়েছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। ঘটনায় কাউকে আটক করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত