সাংবাদিক শ্যামল, বাবু ও রুপাকে আইসিটিতে হাজির করার নির্দেশ

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৭:২৮ এএম

গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের নতুন একটি মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-২। আগামী ২৪ আগস্ট তাদের হাজির করতে বলা হয়েছে। গতকাল সোমবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের বিচারক মঞ্জুরুল বাসিদ এ আদেশ দেন। আদালতে প্রসিকিউশন পক্ষে এ আবেদন ও শুনানি করেন প্রসিকিউটর এস এম মইনুল করিম।

শ্যামল দত্ত জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, মোজাম্মেল বাবু একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক। ফারজানা রুপা একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক। ইতিমধ্যে ২০১৩ সালে শাপলা চত্বর হত্যাকান্ডের মামলায় মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই তিন সাংবাদিকের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় উসকানি দেওয়ার অভিযোগ এনেছে প্রসিকিউশন। তিনজনের মধ্যে শ্যামল দত্ত অভ্যুত্থানের সময় হত্যাকান্ডের মামলায় কারাগারে আছেন। ট্রাইব্যুনালের কোনো মামলায় প্রথম তাকে হাজির করা হচ্ছে বলে জানান, প্রসিকিউশন পক্ষের আইনজীবী মইনুল করিম। তিনি দেশ রূপান্তরকে বলেন, মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তিনজনকে হাজির করার জন্য আবেদন করা হয়েছিল। ট্রাইব্যুনাল ওই তারিখে (২৪ আগস্ট) তাদের হাজির করতে নির্দেশ দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত