ভিসার দালালের বিষয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৭:২৭ এএম

ভিসা এজেন্ট ও দালালদের থেকে সাবধান থাকার জন্য পরামর্শ দিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।

গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন বলেছে, কিছু অসাধু দালাল টাকা নিয়ে আবেদনকারীদের পাসপোর্টে ভারতীয় ইমিগ্রেশনের নকল স্ট্যাম্প ও অন্যান্য দেশের নকল ভিসা স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে, এমন কিছু ঘটনা হাইকমিশনের নজরে এসেছে।

এমন অবস্থায় যেসব এজেন্ট ভিসার নিশ্চয়তা বা সহজে অনুমোদনের পরামর্শ দেয়, তাদের বিশ্বাস না করার পরামর্শ দিয়েছে। হাইকমিশন বলছে, ভিসা প্রক্রিয়ায় কোনো শর্টকাট নেই। 

মিথ্যা, মনগড়া তথ্য ও পরিবর্তিত স্ট্যাম্প-সম্বলিত পাসপোর্ট ও নথিপত্র আবেদনের সঙ্গে জমা দিতে নিষেধ করা হয়েছে। ভিসা যাচাই প্রক্রিয়ায় এ ধরনের জালিয়াতি শনাক্ত করা হয়ে থাকে।

জাল বা বিকৃত নথিপত্র সংবলিত আবেদনপত্র বাতিল করা হবে এবং ভবিষ্যতে ভিসা আবেদনের ওপর এর প্রভাব পড়বে।

ভিসা প্রক্রিয়াকে প্রভাবিত করার দাবিদার কোনো এজেন্ট বা দালালকে টাকা না দেওয়ার পরামর্শ দিয়েছে হাইকমিশন। 

আবেদনকারীকে নির্ধারিত ভিসা পদ্ধতি অনুসরণ করা এবং প্রকৃত ও সঠিক তথ্য ও নথিপত্র দেওয়ার জন্য হাইকমিশন পরামর্শ দিয়েছে।

হাইকমিশন বলেছে, এজেন্টকে টাকা ও পাসপোর্ট দেওয়ার মাধ্যমে নিজের ভ্রমণ পরিকল্পনা ঝুঁকিতে ফেলবেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত