চট্টগ্রাম সিটি কলেজ

‘গুপ্ত’ লেখা নিয়ে শিবির ও ছাত্রদলের সংঘর্ষে আহত ১০

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ এএম

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে গ্রাফিতি আঁকা নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গ্রাফিতি থেকে ‘ছাত্র’ শব্দ মুছে ‘গুপ্ত’ লিখে দেওয়া নিয়ে বাগ্বিত-ার জেরে গতকাল মঙ্গলবার একাধিকবার সংঘর্ষে জড়ায় দুটি পক্ষ। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

জানা গেছে, কলেজের ভবনের দেয়ালে একটি গ্রাফিতি রয়েছে, যার নিচে লেখা ছিল, ‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস’। গত সোমবার রাতে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল নেতাকর্মী সেখানে গিয়ে গ্রাফিতি থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে দেন। এর পরিবর্তে ওপরে লিখে দেন ‘গুপ্ত’।

সরকারি সিটি কলেজের উপাধ্যক্ষ জসীম উদ্দিন সংবাদ মাধ্যমকে বলেন, সকালে গ্রাফিতির ওপর লেখা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর ১২টার পর কলেজের অভ্যন্তরীণ ক্লাস এবং পরীক্ষা স্থগিত করা হয়। সকালের ঘটনার প্রতিবাদে বিকেল ৪টার দিকে নিউমার্কেট মোড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ছাত্রশিবির। সেখান থেকে মিছিল নিয়ে ছাত্রশিবিরের নেতাকর্মীরা কলেজের দিকে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুপক্ষের নেতাকর্মীদের হাতে লাঠিসোটা দেখা যায়। কলেজ ক্যাম্পাসের সামনে উভয় পক্ষ একে-অন্যকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। আতঙ্কে ওই এলাকায় যানবাহন চলাচল এবং দোকানপাট বন্ধ হয়ে যায়।

এদিকে এ ঘটনায় শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা পরস্পরকে দায়ী করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত