প্রধানমন্ত্রী তারেক রহমানের অফিসে দুপুরের খাবার ও বিকেলের নাস্তা মিলিয়ে মোট বাজেট নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। যেটা আগে ছিল এর পাঁচ গুণেরও বেশি।
আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।
নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে খাবারের বাজেট বিষয়ে এ তথ্য জানান তিনি। বৈঠকে নোয়াবের প্রতিনিধিরা সংবাদপত্র শিল্পের বর্তমান সংকট, অর্থনৈতিক চাপ, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলা সংক্রান্ত বিষয়সহ বিভিন্ন ইস্যু তুলে ধরেন।
তিন মাস অন্তর এমন বৈঠক আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন বলে বৈঠক শেষে জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব প্রতিনিধিদের বৈঠক হয় দুপুরে। এ সময় গণমাধ্যমের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর দপ্তরে মধ্যাহ্নভোজে অংশ নেন। খাবারের মেন্যু কী ছিল সে সম্পর্কে জানিয়েছেন জাহেদ উর রহমান।
পোস্টে তিনি লিখেছেন, নোয়াব প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের সময় লাঞ্চের মেন্যুতে ছিল ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়শ ভাজি, ডিম সেদ্ধ রান্না, ডাল ও দই। প্রধানমন্ত্রীর অফিসে দুপুরের খাবার ও বিকেলের নাস্তা মিলিয়ে মোট বাজেট নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা, যা আগে ছিল এর পাঁচ গুণেরও বেশি।
