গোল করে চোটে ইয়ামাল, স্পেনের জন্য কতোটা দুশ্চিন্তার?

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পিএম

লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে বার্সেলোনার জয়ের রাতে বড় দুঃসংবাদ হয়ে এলো লামিন ইয়ামালের চোট। গোল করে দলকে লিড এনে দিলেও মাঠ ছাড়তে হয়েছে খুঁড়িয়ে। ২০২৬ বিশ্বকাপ শুরু হতে যখন দুই মাসেরও কম সময় বাকি, তখন ইয়ামালের এই হ্যামস্ট্রিং ইনজুরি কপালে চিন্তার ভাঁজ ফেলেছে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের।

ক্যাম্প ন্যু-তে বুধবার রাতে ম্যাচের ৪০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন ইয়ামাল। কিন্তু গোল করার মুহূর্তেই বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লাগে তার। বল জালে জড়ানোর পরপরই তাকে অস্বস্তিতে দেখা যায়। ১৮ বছর বয়সী এই তারকাকে নিয়ে কোনো ঝুঁকি না নিয়ে দ্রুতই মাঠ থেকে সরিয়ে নেন বার্সা কোচ।

বার্সেলোনা এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে রয়েছে এবং দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে যাওয়ার পথে আছে। ফলে লা লিগার বাকি ম্যাচগুলোতে ইয়ামালকে না পেলেও ক্লাবটি খুব একটা সংকটে পড়বে না। কিন্তু মূল দুশ্চিন্তাটা জাতীয় দল স্পেনকে নিয়ে।

আগামী ১৫ জুন কেপ ভার্দোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে স্পেনের বিশ্বকাপ অভিযান। এরপর ২১ জুন সৌদি আরব এবং ২৭ জুন উরুগুয়ের মুখোমুখি হবে 'লা রোজা'রা। স্পেনের আক্রমণভাগের প্রাণভোমরা হয়ে ওঠা ইয়ামাল যদি সময়মতো সুস্থ হতে না পারেন, তবে সেটি হবে স্পেনের বিশ্বকাপ জয়ের স্বপ্নে বড় আঘাত।

ইয়ামালের চোট কতটা গুরুতর, তা জানতে মেডিকেল রিপোর্টের অপেক্ষায় রয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। চিকিৎসকদের মতে: গ্রেড-১ ইনজুরি হলে ২ সপ্তাহের মধ্যেই মাঠে ফেরা সম্ভব।

গ্রেড-৩ (গুরুতর) ইনজুরি হলে সুস্থ হতে কমপক্ষে ৮ সপ্তাহ বা দুই মাস সময় লাগতে পারে।

যদি চোট গুরুতর হয়, তবে ইয়ামালের প্রথম বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে পড়বে। স্পেনের হয়ে ২৫ ম্যাচে ৬ গোল ও ১২টি অ্যাসিস্ট করা এই ফরোয়ার্ড এই মুহূর্তে দলটির সবচেয়ে বড় ভরসা।

এখন ফুটবল বিশ্বের নজর বার্সেলোনার মেডিকেল আপডেটের দিকে। সবার প্রার্থনা—১৮ বছরের এই বিস্ময় বালক যেন দ্রুত সেরে উঠে বিশ্বকাপের মঞ্চ মাতাতে পারেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত