মাদারীপুরের কালকিনিতে অনলাইন জুয়ার টাকা আত্মসাৎকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে স্বামী-স্ত্রীসহ দুইজন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর উগমন গ্রামে। আহতরা হলেন লিটন খান (৪৫) ও তার স্ত্রী আকলিমা বেগম (২৫)। তারা বর্তমানে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভিকটিম লিটন খানের মামাতো ভাইয়ের ছেলে আবির সরদার গত ২০ এপ্রিল গোপনে তার মোবাইল ব্যবহার করে একটি অনলাইন জুয়ার আইডি খোলেন এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে প্রায় ৩ হাজার ২০০ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। পরে বিষয়টি জানতে পেরে লিটন আবির সরদারকে ধরে তার ব্যবহৃত মোবাইল ফোনটি রেখে দেন এবং টাকা ফেরতের শর্ত দেন। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
এরই জের ধরে ২৩ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে আবির সরদারসহ হেলাল ঢালী, আসিক জমাদ্দার, নবীন জমাদ্দার, আসিফ খাঁ, মিন্টু হাওসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন সংঘবদ্ধ হয়ে লিটন খানের বাড়িতে হামলা চালায়। তারা মোবাইল ফেরত দাবি করে এবং একপর্যায়ে লোহার রড ও এসএস পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে লিটন ও তার স্ত্রীকে গুরুতর জখম করে।
এ সময় হামলাকারীরা ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আহতরা চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।
মাদারীপুর জেলা সদর হাসপাতালের পুলিশ ইনচার্জ এএসআই আব্দুর রাজ্জাক বলেন, অনলাইন জুয়া সংক্রান্ত টাকা আত্মসাৎকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। আহতরা হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
