মাদারীপুরের কালকিনিতে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের দাবিতে নবদ্বীপ চন্দ্র দাশ (১৯) নামে এক তরুণের বাড়িতে অবস্থান নিয়েছেন মাহিন মুন্সি নামে আরেক তরুণ। মঙ্গলবার (১৭ নভেম্বর) একসঙ্গে সংসার করার দাবিতে তিনি ওই বাড়িতে অবস্থান নেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবদ্বীপ চন্দ্র দাশ কালকিনি উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ আকাল বরিশ গ্রামের রণজিৎ চন্দ্র দাশের ছেলে। অন্যদিকে মাহিন মুন্সি মাদারীপুর সদর উপজেলার বিল্লাল মুন্সির ছেলে।
দুজনের সঙ্গে কথা বলে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে দুজনই একসঙ্গে থাকার পাশাপাশি বিয়ে করতে আগ্রহী। এ কারণেই নবদ্বীপের বাড়িতে অবস্থান নিয়েছেন মাহিন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, এর আগেও দুই দফায় ওই বাড়িতে এসেছিলেন মাহিন। এবার বিয়ের দাবিতে সেখানে অবস্থান নিয়েছেন তিনি। দুজনই একসঙ্গে থাকার বিষয়ে নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছেন।
এ বিষয়ে বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আলী আকবর হিলালু বলেন, ঘটনাটি তাঁর পাশের বাড়ির। এক হিন্দু তরুণের বাড়িতে একজন মুসলিম তরুণ অবস্থান করছেন। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেছেন। পাশাপাশি ওই তরুণের পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়েছে।