দেড় ঘণ্টার বৃষ্টিতেই কুমিল্লা শহরে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পিএম

কুমিল্লা শহরের বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে দেড় ঘণ্টার টানা বৃষ্টিতে নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো পানিতে ডুবে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা।

শহরের রেসকোর্স এলাকার প্রধান সড়ক, জেলা জজ আদালতের সামনের রাস্তা, ঝাউতলা সড়ক এবং টমছমব্রিজ এলাকার নিউ হোস্টেলসংলগ্ন সড়কে হাঁটুসমান পানি জমে থাকতে দেখা যায়। জলমগ্ন সড়ক পেরিয়ে গন্তব্যে পৌঁছাতে গিয়ে বিপাকে পড়েন পথচারীরা। 

জেলা আবহাওয়া কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, আজ দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় কুমিল্লায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির পানির সঙ্গে বিভিন্ন এলাকার ড্রেনের ময়লা-আবর্জনাও সড়কে উঠে আসে। এতে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে। ঝাউতলা এলাকার ব্যবসায়ী আনোয়ার বলেন, ড্রেন পরিষ্কার না থাকায় বৃষ্টির পানি ঠিকমতো নামতে পারছে না। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তা ডুবে যাচ্ছে।

একই অভিযোগ করেন জেলার সংস্কৃতিকর্মী খাইরুল আজিম শিমুল। তিনি বলেন, নাগরিকদের অসচেতনতার কারণেও এই দুর্ভোগ বাড়ছে। নালা-নর্দমায় আবর্জনা, ডাবের খোসা ও প্লাস্টিকের বোতল ফেলার কারণে পানি চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, জলাবদ্ধতা নিরসনে ওয়ার্ডভিত্তিক শ্রমিক নিয়োজিত করা হয়েছে। যেখানে পানি জমছে, সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত