সাতকানিয়ায় এলডিপি থেকে সহস্রাধিক নেতাকর্মী বিএনপিতে

আপডেট : ০২ মে ২০২৬, ১১:৪৭ পিএম

চট্টগ্রামের সাতকানিয়ায় এক রাজনৈতিক সমাবেশে সহস্রাধিক নেতাকর্মী লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন।

শনিবার (২ মে) বিকেলে কেরানিহাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে এলডিপির বিপুল সংখ্যক নেতাকর্মী দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। তারা বিএনপির কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা এবং খাগরিয়া, কালিয়াইশ, কেঁওচিয়া, ধর্মপুর, বাজালিয়া ও পুরানগড় ইউনিয়নের বিভিন্ন স্তরের অসংখ্য এলডিপি নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। উপস্থিত ছিলেন বাজালিয়া ইউনিয়ন এলডিপি সভাপতি আনিছ সিকদার, ধর্মপুর ইউনিয়ন এলডিপির সভাপতি রিয়াদ কামাল, খাগরিয়া ইউনিয়ন এলডিপি নেতা আমিরুজ্জামানসহ আরও অনেকে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই গণযোগদান সাতকানিয়ার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে এবং আগামী দিনে এর প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত