বগুড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধন

আপডেট : ০৩ মে ২০২৬, ০২:০৬ এএম

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে ২০২৬) বিকেল ৪টায় দেশের প্রতিটি জেলায় একযোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে সিলেট থেকে সরাসরি এবং অন্যান্য জেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, মেধাবী ও ক্রীড়াবান্ধব হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিশু-কিশোররাই আগামীর বাংলাদেশ—এমন মন্তব্যও করেন তিনি।

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানা, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, সিভিল সার্জন খুরশিদ আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা আলমগীর কবির এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াজেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাসারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য আরও বৃদ্ধি পাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত