ধর্ষণ আপসের ঘটনায় লৌহজংয়ে ইউপি সদস্যের অপসারণ দাবিতে গণস্বাক্ষর অভিযান

আপডেট : ০৩ মে ২০২৬, ০৯:১৪ পিএম

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ষোল বছরের বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের আপস করায় কলমা ইউপি সদস্য মহিউদ্দিন দোকানদার হিরণের প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের নিকট গণস্বাক্ষর দিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। 

রবিবার (৩ মে) দুপুরে মুন্সীগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমি মাহবুবের নিকট এ লিখিত অভিযোগ দায়ের করা হয়। তখন জেলা প্রশাসক অভিযুক্ত প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপের আশ্বাস প্রদান করেন গ্রামবাসীকে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গ্রামবাসী গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছে, কলমা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে বিভিন্ন বিষয়ে বেআইনি বিচার কার্য পরিচালনা করে আসছেন। গত ২১ এপ্রিল কলমার বাশিরার বাসিন্দা এক বাক প্রতিবন্ধী কিশোরী মেয়েকে ধর্ষণের ঘটনা ঘটে। এ জঘন্য ঘটনায় প্যানেল চেয়ারম্যান মাত্র ৩৫,০০০ (পঁয়ত্রিশ হাজার) টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। বিষয়টি ইতোমধ্যে প্রমাণিত হয়েছে এবং সংশ্লিষ্ট ধর্ষক বর্তমানে জেলহাজতে রয়েছে। এমন প্রমাণিত ঘটনার জেনেশুনে একজন জনপ্রতিনিধি তার দায়িত্ব পালনের নৈতিক ও আইনগত যোগ্যতা সম্পূর্ণভাবে প্রশ্নবিদ্ধ করেছেন। তার এ ধরনের কর্মকাণ্ড আইন, ন্যায়বিচার ও মানবাধিকারের চরম লঙ্ঘন। 

অভিযোগে জেলা প্রশাসকের নিকট দাবি করেন, প্যানেল চেয়ারম্যানকে অবিলম্বে সাময়িক বরখাস্ত করা হোক। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে স্থায়ীভাবে অপসারণের উদ্যোগ নেওয়া হোক। ভুক্তভোগী পরিবারকে পূর্ণ নিরাপত্তা প্রদান করা হোক। ভবিষ্যতে এ ধরনের অনৈতিক ও বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর প্রশাসনিক নজরদারি নিশ্চিত করা হোক।

উল্লেখ্য, এর আগে হিরণ দোকানদারের বিচারের দাবিতে গত ২৪ এপ্রিল গ্রামবাসী কলমা বাজারে বিক্ষোভ মিছিল করেন। এরপর দ্বিতীয় দফায় গত ২৬ এপ্রিল কলমা লক্ষ্মীকান্ত স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীসহ গ্রামবাসী মানববন্ধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন হাওলাদার আবুল কাশেম, শওকত হোসেন সবুজ ফকির, মো. রুবেল শেখ, শেখ মো. মামুন, মো. হামীম, মো. মকবুল হোসেনসহ এলাকাবাসী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত