ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে পড়ে থেকে কোটি টাকার জব্দকৃত যানবাহন ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে এসব মোটরসাইকেল, ট্রাক, বাস, প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাস।
থানা সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনা, চোরাচালান, মাদক পরিবহনসহ বিভিন্ন অভিযোগে পুলিশ এসব যানবাহন জব্দ করে থাকে। তবে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এগুলো থানার চত্বরে অযত্নে পড়ে থাকে। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে যানবাহনগুলোর অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, থানার ভেতরে জায়গার সংকট থাকায় অধিকাংশ যানবাহন খোলা জায়গায় রাখা হয়। ফলে প্রাকৃতিক প্রতিকূলতায় দ্রুত ক্ষয় হচ্ছে মূল্যবান এসব সম্পদ। অনেক ক্ষেত্রে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে এবং বডিতে মরিচা ধরছে।
এলাকাবাসীর মতে, দ্রুত মামলার নিষ্পত্তি, জব্দ যানবাহনের জন্য আলাদা সংরক্ষণাগার এবং প্রয়োজনীয় আইনি সংস্কার না হলে এ ধরনের ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব নয়। অন্যথায় প্রতিবছরই কোটি কোটি টাকার সম্পদ এভাবে নষ্ট হতে থাকবে।
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, অনেক মালিকই আইনি জটিলতা বা আর্থিক কারণে তাদের যানবাহন ছাড়িয়ে নিতে আসেন না। অন্যদিকে আদালতের নির্দেশনা ছাড়া এসব যানবাহন নিলামে বিক্রি করারও সুযোগ নেই। ফলে দীর্ঘদিন ধরে এগুলো অযত্নে পড়ে থাকে।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, ‘আমরা কোর্টে আবেদন দিয়ে রেখেছি। মামলা নিষ্পত্তি হওয়ার পর নিলামের জন্য অনুমোদন দেওয়া হবে।’
বাউফলে বাস উল্টে খাদে, নিহত ১