ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং দোকানে মূল্যতালিকা না রাখার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ৫০ কেজি বাসি ও খাওয়ার অনুপযোগী মিষ্টি ও জিলাপি ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অফিস যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। সার্বিক সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান।
অভিযান সূত্রে জানা যায়, চম্পকনগর বাজারের জয় লোকনাথ মিষ্টির দোকানে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি খাবারের মান ও সংরক্ষণেও গুরুতর অনিয়ম ধরা পড়ে। এ সময় দোকানের মালিক নিজের অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার লিখিত মুচলেকা দেন।
পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দোকানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকানে মজুত থাকা প্রায় ৫০ কেজি বাসি ও খাওয়ার অনুপযোগী মিষ্টি এবং জিলাপি জনসম্মুখে ধ্বংস করা হয়।
এছাড়া বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলোতে তদারকি চালিয়ে মূল্যতালিকা না রাখার দায়ে দুটি মুদিদোকানকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত চলবে। ভবিষ্যতে কোনো প্রতিষ্ঠানে একই ধরনের অনিয়ম পাওয়া গেলে আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।