পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে গতির ঝড় তুলে এখন আলোচনার তুঙ্গে বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। ঘণ্টায় ১৫১ কিলোমিটার গতিতে বল করে প্রতিপক্ষ ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করা এই পেসারকে নিয়ে এখন প্রশংসায় পঞ্চমুখ সতীর্থ থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরা। সামনে টেস্টে বাবর আজমও নাহিদের বোলিং সামলাতে স্বস্তি বোধ করবেন না—এমন মন্তব্য করেছেন পেশোয়ার জালমির সতীর্থ অ্যারন হার্ডি।
এবারের পিএসএলে পেশোয়ার জালমির হয়ে মাত্র ৫টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন নাহিদ রানা। আর এই অল্প সুযোগেই তিনি দেখিয়েছেন তার সামর্থ্য। ৫ ম্যাচে মাত্র ১০.৮৯ গড়ে শিকার করেছেন ৯টি উইকেট। আরও অবাক করার মতো তথ্য হলো, টি-টোয়েন্টির এই যুগে তার ইকোনমি রেট ছিল মাত্র ৫.৪৪।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য মাঝপথে দেশে ফিরে আসায় নাহিদকে আর পিএসএলে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। তবে পেশোয়ার ফাইনালে ওঠার পর বিশেষ অনুরোধে তাকে ছাড়পত্র দেওয়া হয়। রবিবারের ফাইনালে ৪ ওভারে একটি মেডেনসহ মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট নিয়ে দলের শিরোপা জয়ে বড় অবদান রাখেন তিনি।
ফাইনালে ম্যাচসেরা হওয়া অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যারন হার্ডি নাহিদ রানার প্রশংসায় ভাসছেন। তিনি বলেন, “সে মাত্র তিন দিন আগে প্লেন থেকে নেমেছে এবং আজও দুর্দান্ত গতিতে বল করেছে। করাচিতে যখন সে ১৫১ কিমি গতিতে ছুটছিল, তখন ব্যাটারদের জন্য সেটা ছিল এক ভয়াবহ অভিজ্ঞতা। বিশ্বের যেকোনো ফ্র্যাঞ্চাইজি লিগ তাকে স্বাগত জানাবে।”
আগামী ৮ মে ঢাকায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। পেশোয়ারে সতীর্থ হিসেবে খেললেও জাতীয় দলের জার্সিতে এবার মুখোমুখি হতে যাচ্ছেন বাবর ও নাহিদ। হার্ডি মজা করে বলেন, “আমি জানি সামনেই নাহিদের টেস্ট ম্যাচ আছে। আর এটাও জানি যে বাবর তার বল খেলতে চাইবে না। সেখানে আমরা একটা বন্ধুত্বপূর্ণ কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাব।”
পিএসএল জয় ও নিজের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত নাহিদ রানা বলেন, “গত বছর স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ পাইনি। এবার নিজের পরিকল্পনাগুলো ঠিকমতো বাস্তবায়ন করতে পেরেছি। দলের জয়ে অবদান রাখতে পেরে আমি সত্যিই আনন্দিত।”
সান্তোসে তুলকালাম: রবিনহো জুনিয়রকে চড় ও ল্যাং মারলেন নেইমার!
ম্যারাডোনাকে কবজায় নিতেই সাজানো হয়েছিল ঘরোয়া চিকিৎসা, বিস্ফোরক দাবি মেয়ের