চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১

আপডেট : ০৫ মে ২০২৬, ০৯:৩৮ এএম

চীনের হুনান প্রদেশে এক আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসসয় অন্তত ২১ জন নিহত হয়েছেন।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার (৫ মে) জানায়, মধ্য চীনের একটি আতশবাজি কারখানায়  বিস্ফোরণে ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন। খবর বিবিসি, এএফপির।

হুনানের রাজধানী চাংশায় সোমবার (৪ মে) বিকাল সাড়ে ৪টার পর এই বিস্ফোরণ ঘটে বলে সিসিটিভি ও শিনহুয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দক্ষিণ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে প্রায় ৫০০ জন দমকলকর্মী, উদ্ধারকর্মী এবং চিকিৎসাকর্মী কাজ করেছেন।

সংবাদমাধ্যম জানায়, হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানিতে এই বিস্ফোরণ ঘটে। তবে কোম্পানিটির সঙ্গে যোগাযোগের জন্য কোনো ফোন নম্বর খুঁজে পায়নি রয়টার্স।

এ ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত তদন্ত করে বিস্ফোরণের কারণ বের করতে এবং দায়ীদের কঠোর জবাবদিহির আওতায় আনতে নির্দেশ দিয়েছেন। তিনি গুরুত্বপূর্ণ শিল্পখাতে ঝুঁকি শনাক্তকরণ ও নিয়ন্ত্রণ জোরদার, জননিরাপত্তা বৃদ্ধি এবং মানুষের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করার কথাও বলেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত