সর্বকালের সেরা গোলদাতা হয়েও ট্রফিভাগ্য হলো না গ্রিজমানের

আপডেট : ০৬ মে ২০২৬, ১০:৫০ এএম

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনালের কাছে হারের মধ্য দিয়ে নিশ্চিত হলো যে, আন্তোয়ান গ্রিজমান বড় কোনো শিরোপা ছাড়াই আতলেতিকো মাদ্রিদ ছাড়ছেন। এই মৌসুম শেষেই তিনি মেজর লিগ সকারের ক্লাব অরল্যান্ডো সিটিতে যোগ দিচ্ছেন।

‎গল্পটা শুরু হয়েছিল একরাশ স্বপ্ন নিয়ে। ২০১৪ সালে যখন তিনি আতলেতিকোতে আসেন, তখন তার পায়ে ছিল অসম্ভব জাদু। কিন্তু ভাগ্যের এক অদ্ভুত পরিহাস তাকে তাড়া করে বেরিয়েছে পুরোটা সময়। ২০১৬ সালের সেই মিলান রাত—চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। পেনাল্টি স্পটে দাঁড়িয়ে গ্রিজমান যখন শট নিলেন, বলটি বারে লেগে ফিরে এল। এক মিলিমিটারের ব্যবধানে হাতছাড়া হলো ইউরোপ সেরার মুকুট।

‎২০১৯ সালে ট্রফি জেতার নেশায় যখন বার্সেলোনায় যোগ দিলেন, সমর্থকরা তাকে 'বিশ্বাসঘাতক' বলতেও ছাড়েনি। কিন্তু ভাগ্যের পরিহাস, বার্সায় তিনি কিছুই জিততে পারলেন না। এদিকে তিনি আতলেতিকো ছাড়ার ঠিক পরের বছরই পুরনো সতীর্থরা লা লিগার শিরোপা উদযাপন করল।

‎২০২২ সালে যখন প্রিয় ক্লাব আতলেতিকোতে ফিরে এলেন, সমর্থকদের সব ক্ষোভ ধুয়ে মুছে তিনি হয়ে উঠলেন ক্লাবের সর্বকালের সেরা গোলদাতা। কিন্তু ট্রফি ভাগ্য আর সুপ্রসন্ন হলো না।

দীর্ঘ ১৩ বছর পর এবার কোপা দেল রের ফাইনালে উঠেছিল আতলেতিকো এবার, কিন্তু শিরোপা জিততে ব্যর্থ হয়। 

‎২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়কের আতলেতিকোর হয়ে ক্লাব ক্যারিয়ারে একমাত্র সাফল্য ২০১৮ সালের উয়েফা ইউরোপা লিগ জয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত