বোয়ালমারীতে জামাই-শ্বশুরের দ্বন্দ্বে প্রাণ হারালেন প্রতিবেশী 

আপডেট : ০৬ মে ২০২৬, ০৩:৫৮ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে জামাই-শ্বশুরের দ্বন্দ্বে এক প্রতিবেশী যুবককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ মে) রাত ৮টার দিকে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত রবিউল ইসলাম শেখ (৩৮) মাগুরার মহম্মদপুর উপজেলার সিন্দাইন গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের বাসিন্দা সহিদ শেখ এবং মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার সিন্দাইন গ্রামের বাসিন্দা শহিদ মোল্লা সম্পর্কে জামাই-শ্বশুর। গত মঙ্গলবার প্রতিবেশী শহিদ মোল্লার সঙ্গে রবিউল ইসলাম জামাই সহিদ শেখের বাড়িতে যান। সহিদ শেখ এর আগে তার শ্যালকের একটি মোটরসাইকেল ধার হিসেবে নিয়েছিলেন। সহিদ শেখের সঙ্গে তার স্ত্রীর বনিবনা না হওয়ায় ওই মোটরসাইকেল ফেরত দেওয়া নিয়ে রবিউলের সঙ্গে বাকবিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে, কৌশলে রবিউল ইসলামকে আলাদা করে নিয়ে গিয়ে হত্যা করা হয়। সন্ধ্যার পর হাটখোলারচর বটতলা এলাকায় একটি প্রাইভেটকার দুর্ঘটনার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে দুর্ঘটনা মনে হলেও পরে শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। 

এ ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে পুলিশ, তবে প্রাইভেটকারটি ঘটনাস্থলে কীভাবে এলো তা নিয়ে তদন্ত চলছে। নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে বিচার দাবি করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিহত রবিউলের বাবা গোলাম সরোয়ার বলেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলের হত্যার বিচার চাই। 

বিষয়টি নিয়ে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান বলেন, সহিদ শেখ তার শ্বশুর বাড়ির একটি মোটরসাইকেল আটকে রাখে। মোটরসাইকেলটি নেওয়ার জন্য শ্বশুর শহিদ মোল্লা রবিউলকে সঙ্গে নিয়ে আসে। তিনি আরও বলেন, নিহতের শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে। পরিকল্পিতভাবে তাকে দ্বিতীয়বার ডেকে এনে হত্যা করা হয়েছে। তবে প্রাইভেটকারটি ওখানে কীভাবে এসে পড়লো, এটা নিয়ে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত