বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে শেষ হচ্ছে দর্শকপ্রিয় পারিবারিক গল্পের ধারাবাহিক নাটক ‘এটা আমাদের গল্প’। এটা নিয়ে নাটকটির নির্মাতা পক্ষ সংবাদ সম্মেলনও করেছে একাধিকবার। কিন্তু কবে এর শেষ পর্ব প্রচার হবে সে বিষয়ে সংবাদ সম্মেলনে স্পষ্ট কোনো দিন-ক্ষণ জানানো হয়নি। ধারাবাহিকটির পরিচালক মোস্তফা কামাল রাজ সেখানে ধারণা দিয়েছিলেন ৫২তম পর্বেই এসে শেষ হতে যাচ্ছে এর প্রচার। তার এই বক্তব্যের পর কৌতূহলের পাশাপাশি বাড়তে থাকে দর্শকের অপেক্ষার পালাও। তবে একেবারে শেষ সময়ে জানা গেল আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় শেষ হয়ে যাচ্ছে বহুল আলোচিত এই সিরিয়ালটি। সমাপনী পর্বটি হবে ৯২ মিনিটের। কয়েক দিন আগেই এর শেষ দৃশ্যের শুটিং সম্পন্ন হয়েছে । নির্মাতার পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, ধারাবাহিকটির হবে মেগা অ্যাপিসোড। অর্থাৎ যার ব্যাপ্তি হবে সাধারণের চেয়ে বেশি। নিজের দেওয়া সেই কথাই রাখতে যাচ্ছেন মোস্তফা কামাল রাজ।
শেষ পর্বের বিশেষ চমক হিসেবে পর্দায় হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি ও দোলা রহমান। সিরিজের টাইটেল গানের সুর ও কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি নিজেই। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন দোলা রহমান। একটি বিশেষ দৃশ্যে সংগীতশিল্পী হিসেবে দেখা যাবে তাদের দুজনকে, যেখানে তারা সরাসরি গানটি গেয়ে শোনাবেন। এ প্রসঙ্গে আরফিন রুমি বলেন, ‘পুরো পরিকল্পনাটি নির্মাতা রাজের। তার অনুরোধেই আমরা একটি বিশেষ দৃশ্যে থাকছি। এখানে আলাদা কোনো চরিত্র নয়, আমাদের শিল্পী পরিচয়েই দর্শক আমাদের দেখতে পাবেন।’
সিরিজে টাইটেল গানের বাইরেও আরও দুটি গান দর্শকদের মন জয় করেছে। শাহরিয়ার মার্সেলের সুর ও কণ্ঠে ‘সে মানালে’ এবং প্রত্যয় খান ও সুস্মিতার দ্বৈত কণ্ঠে ‘জানি না’ শিরোনামের গান দুটি সিরিজের বাড়তি প্রাপ্তি।
শেষ পর্ব ৯২ মিনিট করা প্রসঙ্গে পরিচালক রাজ বলেন, দর্শকরা আমাদের এই সিরিজ সংশ্লিষ্ট সবাইকে অভূতপূর্ব ভালোবাসা দিয়েছেন, এজন্য তাদের ধন্যবাদ। ‘এটা আমাদেরই গল্প’র দর্শকদের জন্য উপহার হিসেবে শেষ পর্ব বিশেষভাবে সাজিয়েছি। তাই এর দৈর্ঘ্য সাধারণ পর্বের চেয়ে চার গুণ বেশি হচ্ছে। সবাইকে দেখার আমন্ত্রণ। নাটকটি শেষ হওয়ার খবরে একদিকে যেমন দর্শকের মন ভারী হয়ে আসছে, একই সঙ্গে জাগছে আগ্রহও। সামাজিক মাধ্যমে অনেকেই যেমন লিখেছেন, এত দ্রুত শেষ না হলেও পারত। আবার কেউ কেউ লিখেছেন, অপেক্ষায় আছি না জানি কতটা কাঁদাবে শেষ পর্বটি।
পারিবারিক বন্ধন ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত এই নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাশার, সুনেরাহ বিনতে কামাল, কেয়া পায়েল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠুসহ আরও অনেকে। গত বছরের ৫ নভেম্বর থেকে চ্যানেল আই ও সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে প্রচারের পর থেকেই নাটকটি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। সমাপনী লগ্নে এসে ধারাবাহিকটি যেমন দর্শকদের আবেগপ্রবণ করছে, তেমনি এর শিল্পীরাও প্রশংসায় ভাসচ্ছেন।
গত বছরের ৫ নভেম্বর থেকে সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার চ্যানেল আইয়ে এবং পরে ইউটিউবে প্রচার হলেও শেষ সপ্তাহে এসে সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।