হান্টাভাইরাস প্রাদুর্ভাবের ঘটনায় জনস্বাস্থ্যে ঝুঁকি কম: ডব্লিউএইচও

আপডেট : ০৮ মে ২০২৬, ১২:৪৬ এএম

প্রমোদতরী ‘এমভি হন্দিয়াস’-এ হান্টাভাইরাস প্রাদুর্ভাবের ঘটনায় জনস্বাস্থ্যে ঝুঁকি ‘কম’ বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থাটির মহাপরিচালক আধানম গেব্রিয়াসুস এক সংবাদ সম্মেলনে স্পষ্ট করে বলেছেন, এই ভাইরাস কেবল দীর্ঘক্ষণ নিবিড় সংস্পর্শে থাকলেই একজনের শরীর থেকে অন্যজনে ছড়ায়।

তিনি বলেন, হান্টাভাইরাসের সুপ্তিকাল (ইনকিউবেশন পিরিয়ড) ছয় সপ্তাহ পর্যন্ত হতে পারে, তাই আগামীতে আরও অনেকে আক্রান্ত হওয়ার খবর আসতে পারে।


তবে রোগটি গুরুতর হলেও ডব্লিউএইচও পরিস্থিতি মূল্যায়ন করে দেখেছে, সামগ্রিকভাবে বিশ্বে জনস্বাস্থ্যে এর ঝুঁকি এখনও কম, জানান তিনি।

গেব্রিয়াসুস একইসঙ্গে আশ্বস্ত করেছেন যে, আক্রান্তদের নিয়ে প্রমোদতরী হন্দিয়াস স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে ভিড়লেও সেখানকার বাসিন্দাদের জন্যও সংক্রমণের ঝুঁকি কম।

ডব্লিউএইচও প্রধান বলেন, ক্যানারি দ্বীপপুঞ্জের সাধারণ মানুষের জন্য এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম বলে তারা মূল্যায়ন করেছেন।

মাসখানেক আগে আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করা এই জাহাজে হান্টাভাইরাস প্রাদুর্ভাব শনাক্ত হওয়ার পর ইতোমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।

প্রাদুর্ভাব শনাক্ত হওয়ার আগেই যারা জাহাজ থেকে নেমে গেছেন, তাদের খুঁজে বের করতে যুক্তরাজ্য, সুইজারল্যান্ড এবং নেদারল্যান্ডসসহ কয়েকটি দেশে ‘কন্টাক্ট ট্রেসিং’ বা নিবিড় অনুসন্ধান শুরু হয়েছে।

বর্তমানে জাহাজে থাকা সব যাত্রীকে নিজ নিজ কেবিনে থাকতে বলা হয়েছে। তাছাড়া যাদের শরীরে কোনো ধরনের উপসর্গ দেখা দিচ্ছে, তাদের তাৎক্ষণিকভাবে আইসোলেশনে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত