দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় সভা শুরু হবে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘মূলত সাংগঠনিক তৎপরতা জোরদার করতেই দিনব্যাপী এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
এদিকে বিএনপির দপ্তর থেকে জানানো হয়েছে, সভায় বিএনপি এবং প্রধান অঙ্গসংগঠনÑ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সারা দেশের জেলা এবং মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদক অংশ নেবেন। এতে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম দেশ রূপান্তরকে বলেন, ‘বিএনপির দপ্তর থেকে ফোন করে আমাকে মতবিনিময় সভায় থাকতে বলা হয়েছে। সভায় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদকদের থাকার কথা রয়েছে।’
মন্ত্রীরা তাদের মন্ত্রণালয়ের কর্মকান্ড সম্পর্কে নেতাদের অবহিত করবেন: জানা গেছে, আজকের মতবিনিময় সভায় ১৭ মন্ত্রী দলীয় নেতাদের উদ্দেশে বক্তব্য রাখবেন। এ সময় মন্ত্রীরা তাদের মন্ত্রণালয়ের কর্মকান্ড সম্পর্কে নেতাদের অবহিত করবেন। যাতে নেতারা নিজ নিজ এলাকায় জনগণের মাঝে সরকারের গৃহীত কর্মকান্ড সম্পর্কে যথাযথভাবে প্রচার-প্রচারণা চালাতে পারেন। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, শিক্ষার্থীদের জন্য সরকারের গৃহীত পদক্ষেপসহ নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতিসমূহের মধ্যে যেগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে, সেগুলো মন্ত্রীরা তুলে ধরবেন।
বিরোধী দলের সমালোচনা গঠনমূলক হতে হবে রিজভী : গতকাল বিকেলে রুহুল কবির রিজভী মতবিনিময় সভা পরিদর্শনে যান। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘বিরোধী দল সরকারের সমালোচনা করবে, তবে তা গঠনমূলক হতে হবে।’ তিনি জানান, অনুষ্ঠানে সারা দেশের জেলাপর্যায়ের নেতারা বক্তব্য দেবেন। তারা সাংগঠনিক এবং সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে নিজেদের মতামত তুলে ধরবেন। পাশাপাশি সরকার দায়িত্ব নেওয়ার পর গত দুই-তিন মাসে যেসব কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যেগুলো বাস্তবায়নের পথে রয়েছে, সেসব বিষয় সংশ্লিষ্ট মন্ত্রীরা বিশ্লেষণসহ উপস্থাপন করবেন।’
সরকারের বিরুদ্ধে আন্দোলন ও সমালোচনা প্রসঙ্গে রিজভী বলেন, গণতন্ত্র মানেই সরকার তার কাজ করবে আর বিরোধী দল তার সমালোচনা করবে। বিরোধী দল সমালোচনা করতেই পারে। তবে সেটি যেন গঠনমূলক হয়। সরকারের ভুলগুলো দেখিয়ে দিলে গণতন্ত্র শক্তিশালী হয়, রাষ্ট্র আরও কার্যকর হয়।’ তিনি বলেন, ‘যদি উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলার জন্য বিভিন্ন কর্মসূচি নেয় এবং মিথ্যা কথা বলে যায়, তাহলে সেটি ষড়যন্ত্র।’ এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
