নানা কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০২:৪১ এএম

সরকারি-বেসরকারি ও বিভিন্ন রাজনৈতিক দলের নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল রাজধানীসহ সারা দেশে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করা হয়েছে। এদিন ঢাকায় উদ্বোধন করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। প্রধানমন্ত্রী তারেক রহমান এর উদ্বোধন করেন। এ সময় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বর্তমান মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন।

একই দিন রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে ‘জুলাই গণঅভ্যুত্থান শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা’ অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল দিবসটি ও শহীদ জুলাই যোদ্ধাদের স্মরণে নানা কর্মসূচি পালন করে।

শেরেবাংলা নগরের অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে আত্মাহুতি দেওয়া ব্যক্তিদের পরিবারের দায়িত্ব নেওয়া এবং আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করা সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র দায়িত্ব। জুলাই গণআন্দোলনে যারা দৃষ্টি ও অঙ্গ হারিয়েছেন, তাদের সুস্থ করে তোলার দায়িত্বও সরকারকে পালন করতে হবে।

জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছেন। এর মাধ্যমে তারা নিজেদের অজান্তেই পতিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছেন কি না, সেটি ভেবে দেখার আহ্বান জানাই।’

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে নতুন যাত্রাপথের শুরু এবং পথ হারিয়ে ফেললে এখানেই পথ খুঁজে পাওয়া যাবে। এখান থেকে নতুন যাত্রাপথ রচনা হবে।’

সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে গতকাল ‘স্মৃতির দর্পণে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক বিশেষ আলোচনা ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘আবৃত্তি ও সংস্কৃতিচর্চা মানুষকে গণতন্ত্র, মানবিক মূল্যবোধ, মুক্তচিন্তা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আদর্শে উদ্বুদ্ধ করে। একটি সুন্দর, গণতান্ত্রিক ও রক্তপাতহীন সমাজ গঠনে আবৃত্তি ও সংস্কৃতিচর্চার ভূমিকা অপরিসীম।’ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গতকাল দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ করে ১১ দলীয় জোট। সমাবেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনারা যদি বিশ্বাসঘাতকতা না করতেন, তাহলে আমাদের অস্থির হওয়ার কোনো কারণ ছিল না। দেশের এমন পরিস্থিতি তৈরি হবে আর আমরা বসে থাকব, তা হতে পারে না। সব কিছু দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন। সেই বিপ্লবের জন্য দেশবাসীকে প্রস্তুতি নিতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল রাজধানীর কাঁঠালবাগানে আয়োজিত কর্মসূচিতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটলেও দুই বছর পরও স্বৈরাচারী ব্যবস্থার সম্পূর্ণ অবসান নিশ্চিত করা যায়নি। ফ্যাসিবাদের সব অবশিষ্টাংশ নির্মূল না হওয়া পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলন অব্যাহত থাকবে।’

দিবসটি উপলক্ষে গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘মানবরচিত তন্ত্রমন্ত্রের মাধ্যমে জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নের আশা করা বোকামি। এর জন্য ইসলামই একমাত্র সমাধান। বৈষম্যরোধ, নারীর নিরাপত্তা নিশ্চিত ও সংখ্যালঘুদের শান্তি নিশ্চিত করতে ইসলামই একমাত্র পরীক্ষিত পদ্ধতি।’ তিনি বলেন, ‘জুলাই যে সুযোগ তৈরি করেছিল, তাকে কাজে লাগাতে আমরা ইসলামের ভিত্তিতে একটি সমঝোতা করেছিলাম। এই সমঝোতা যখন সম্ভাবনাময় হয়ে উঠল, তখন স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে আদর্শ ছেড়ে প্রচলিত পদ্ধতিতে আগ্রহী হয়ে উঠেছিল। তারা বাংলাদেশে ইসলামের সম্ভাবনা নষ্ট করেছে। একই সঙ্গে তারা দেশের ও জুলাইয়ের প্রত্যাশাও নষ্ট করেছে।’

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসংলগ্ন মল চত্বরে স্মৃতি স্তম্ভটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। এর আগে সকালে উপাচার্যের সভাকক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সম্মানে এক চা-চক্র অনুষ্ঠিত হয়। উপাচার্য শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে বেলা ১১টায় টিএসসি মিলনায়তনে আলোচনা সভা হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মো. ওয়াসিম আকরামের বাবা শফিউল আলম, শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহিদুল ইসলাম ভূঁইয়া, শহীদ মীর মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান, শহীদ ইয়ামিনের বাবা মহিউদ্দিন এবং শহীদ মো. আবু সাঈদ মিয়ার ভাই আবু হোসেনকে সম্মাননা দেওয়া হয়।

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। আমাদের ব্যুরো অফিস ও জেলা প্রতিনিধিদের পাঠানো খবর

রাবি : জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। আলোকচিত্র প্রদর্শনী, বিজয় র‌্যালি, বৃক্ষরোপণ, আর্ট ক্যাম্প ও আলোচনা সভাসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। বুধবার সকাল থেকেই দিবসটি উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল ৯টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফিতা কেটে জুলাই আলোকচিত্র প্রদর্শনী ও ডকুমেন্টারির উদ্বোধন করেন উপাচার্য ও উপ-উপাচার্যবৃন্দ।

ফরিদপুর : ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে ফরিদপুর -৩ সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। বুধবার সকালে শহরের হাসিবুল হাসান লাভলু সড়কে অবস্থিত শহীদ জুলাই স্মৃতিস্তম্ভ সর্বস্তরের জনগণ শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

গাইবান্ধা : গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোলের ঘটনা ঘটে। বুধবার গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে আয়োজিত জুলাই দিবস অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানের শুরুতে সাবেক জাসদের কেন্দ্রীয় নেতা ও বর্তমানে গাইবান্ধা জেলা এনসিপির আহ্বায়ক খাদেমুল ইসলাম ও তার লোকজন অনুষ্ঠানে প্রবেশ করলে এই হট্টগোলের সৃষ্টি হয়। পরে বিক্ষোভের মুখে জেলা এনসিপির আহ্বায়ক খাদেমুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এর আগে সকাল ১০টায় শহরের পৌরপার্কে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সাড়ে ১০টায় ইনডোর স্টেডিয়ামে ২৫২ জন জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের প্রত্যকের হাতে সম্মাননাসূচক হিসেবে ক্রেস্ট ও উন্নত মানের একটি করে আমগাছের চারা বিতরণ করা হয়।

ঝিনাইদহ : ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। বুধবার সকালে এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কেমব্রিজ একাডেমির সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসন শ্রদ্ধা নিবেদন করেন।

ভোলা : জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ভোলায় বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে জেলা পুলিশ। দিবসটি উপলক্ষে বুধবার সকালে শহরের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা প্রশাসক ডা. শামীম রহমান এবং জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের নেতৃত্বে জেলা প্রশাসক ও জেলা পুলিশের একটি প্রতিনিধিদল স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সঙ্গে তাদের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, অগ্রগতি ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নাটোর : নাটোরে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি’ উপলক্ষে জুলাই শহীদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। বুধবার সকালে শহরের ভবানীগঞ্জের মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আসমা শাহিন। এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক দল পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে জেলা পরিষদ অডিটরিয়ামে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ জাবির ইব্রাহিমের বাবা মো. কবির হোসেন এবং পাঁচজন আহত জুলাই যোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হিমেল খান প্রমূখ।

চাঁপাইনবাবগঞ্জ : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সরকারি বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে চাঁপাইনবাবগঞ্জের কালেক্টরেট এলাকায় স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গি, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ হারুনসহ বিভিন্ন সরকারি দপ্তরপ্রধান ও রাজনৈতিক দলের নেতারা।

শেরপুর : শেরপুরে দুই দিন ধরে টানা বর্ষণ শুরু হয়েছে। এই বৃষ্টিকে উপেক্ষা করে ৫ আগস্ট বুধবার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১০টায় শেরপুরের শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল প্রমুখ। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা : গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে কুমিল্লায় ১১টি রাজনৈতিক দলের যৌথ উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টায় কুমিল্লা টাউন হল মাঠে গণমিছিল-পূর্ব এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান।

বাগাতিপাড়া (নাটোর) : বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এ ছাড়া বাদ জোহর ক্যাম্পাসের কেন্দ্রীয় জামে মসজিদে জুলাই শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

সাভার সংবাদদাতা : সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। এই উপলক্ষে কলেজের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত হয় রচনা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। 

নীলফামারী : নানা আয়োজনে নীলফামারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে জাতীয় পতাকা উত্তোলন, জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পমাল্য অর্পণ করা হয়। দুপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল, জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

মাগুরা : যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ৯টায় শহরের ঢাকা রোডে নবগঙ্গা সেতুসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা প্রশাসক পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ আজাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

ঝালকাঠি : শ্রদ্ধা, ভালোবাসা ও গভীর সম্মানের মধ্য দিয়ে ঝালকাঠিতে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন। সকাল ১০টায় ঝালকাঠি জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা পুলিশ, জেলা পরিষদ, জেলা বিএনপিসহ বিভিন্ন সরকারি দপ্তর এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

নারায়ণগঞ্জ : জুলাই গণঅভ্যুত্থানের নিহত শহীদদের স্মরণে গতকাল বুধবর সকালে শহরের হাজীগঞ্জে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি। এরপর একে একে নিহতের পরিবার, বিএনপি, জামায়াত ইসলামি, এনসিপি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ছাত্র-জনতা আন্দোলনে সব নিহতের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করেন মহানগর বিএনপি।

ঠাকুরগাঁও : বৃষ্টি উপেক্ষা করেই ঠাকুরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও র‌্যালি করা হয়েছে। বুধবার সকালে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে শহরের পুরনো বাসস্ট্যান্ড এলাকায় স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রিফাত।

টাঙ্গাইল : টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থান দিবসে জুলাই স্মৃতিস্তম্ভে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ফুল দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের বিরুদ্ধে। বুধবার বেলা ১১টায় শহরের ডিস্ট্রিক্ট গেট-সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভের সামনে এ ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থানের আলোচনা সভায় শিবির ও ছাত্রদলের দুপক্ষের হট্টগোলের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাগেরহাট : বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন। পরে একে একে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি অধিদপ্তরসহ সাধারণ মানুষ ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানায়। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকারের প্রতি আহ্বান জানান জুলাই যোদ্ধারা।

ফেনী : শ্রদ্ধা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ফেনীতে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। বুধবার দিবসটি উপলক্ষে শহরের ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। সকাল ১০টায় শহরের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। প্রথমে ফেনী জেলা প্রশাসক মনিরা হক পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

লৌহজং (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের লৌহজংয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‌্যালি হয়েছে। বুধবার দুপুরে এ র‌্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ময়মনসিংহ : ‘জুলাই চেতনায় গড়ব দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং জুলাইয়ের শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।

শেকৃবি : শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যলয়ের প্রশাসনিক ভবনে মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আরফান আলীর সঞ্চালনা ও ছাত্র পরামর্শক অধ্যাপক আশাবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবির উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. বেলাল হোসেন এবং ট্রেজারার প্রফেসর আবুল বাশার।

জাবি : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি এবং ‘ফ্যাসিস্ট হাসিনার পলায়ন ও পতন দিবস-২০২৬’ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, বিজয় র‌্যালি ও শহীদদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত