ঢাকার সাভারে মহাসড়কসহ ফুটপাতে ভাসমান দোকান বসাতে বাধা দেওয়ায় হকারদের হামলায় প্লাটুন কমান্ডারসহ ছয় আনসার সদস্য আহত হয়েছেন। এ সময় ইটের আঘাতে এক আনসার কর্মকর্তার চোখ থেঁতলে দেওয়া হয়েছে, আরেকজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকালে সাভার বাসস্ট্যান্ড এলাকায় নিউমার্কেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে হকাররা এ হামলা চালায়। আহতরা হলেন আনসার ও ভিডিপির প্লাটুন কমান্ডার মো. শামসুজ্জামান এবং সদস্য মো. মুন্না, মো. মাহিন, বরকতউল্লাহ মামুন, রিয়াদ ও তৌহিদুল ইসলাম।
সাভার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আনিসুর রহমান বলেন, প্লাটুন কমান্ডার শামসুজ্জামানের দুই চোখই থেঁতলে গেলে। তাকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। তার চোখের পরিণতি কী হবে, তা এখনই বলা যাচ্ছে না।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয় এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে হকাররা সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কসহ ফুটপাতে ভাসমান দোকান বসিয়ে ব্যবসা করছিল। এতে যানবাহন চলাচল বিঘিœত হচ্ছিল। দুর্ভোগের শিকার হতেন পথচারীরা। এসব কারণে মাস দেড়েক আগে বাসস্ট্যান্ড এলাকা থেকে হকার উচ্ছেদ করা হয়। এর পর থেকে সকালে ২০ জন আনসার সদস্য এবং বিকেলে আরও ২০ জন বাসস্ট্যান্ড এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। আনসার সদস্যদের দায়িত্বে থাকতেন একজন করে প্লাটুন কমান্ডার।
আহত আনসার সদস্য মামুন বলেন, আমরা ২০ জন আনসার সদস্য বিকেলের পালায় ডিউটি করছিলাম। নিউমার্কেটের সামনে হকাররা ফুটপাত ও মহাসড়ক দখল করে ভাসমান দোকান বসিয়েছে, এমন তথ্যের ভিত্তিতে বিকেল ৫টার দিকে প্লাটুন কমান্ডার শামসুজ্জামানের নেতৃত্বে ১৪ থেকে ১৫ জন আনসার সদস্য ঘটনাস্থলে যাই। সেখানে যাওয়ার পরপরই চাপাতি, রড, লাঠি ও ইট হাতে থাকা ৪০ থেকে ৫০ জন হকার আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমাদের হাতে শুধু লাঠি থাকায় তাদের প্রতিহত করতে পারিনি। হকারদের রডের আঘাতে আমার চোখের ওপরে কেটে যায়। আর ইটের আঘাতে প্লাটুন কমান্ডার শামসুজ্জামানের চোখে মারাত্মক জখম হয়েছে। মাথা ফেটে গেছে আমার সহকর্মী মুন্নার।
সাভার ল্যাব জোন হাসপাতালের ব্যবস্থাপক ওবায়দুর রহমান বলেন, ঘটনার পর আহত ছয় আনসার সদস্যকে আমাদের হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে গুরুতর আহত প্লাটুন কমান্ডার শামসুজ্জামানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত মুন্নাকে স্থানান্তর করা হয়েছে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। অন্যদের আমাদের হাসপাতালে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
