ভারত সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘পলাতক ও দ-প্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’ বা দ্বিমুখী নীতির বহিঃপ্রকাশ।’ গতকাল বুধবার রাজধানীর গুলশানে একটি হোটেলে জুলাই গণঅভ্যুত্থান ও গত ১৭ বছরের আন্দোলনের আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী অভিযোগ করে বলেন, ‘ভারত এমন আচরণ করছেÑ যেন অন্য দেশের কোনো পলাতক ও দাগি আসামি যদি ‘ভারতপ্রেমিক’ হয়, তাহলে তার সব অপরাধ ক্ষমাযোগ্য। ভারতের এ ধরনের অবস্থানের নিন্দা ও প্রতিবাদ জানাই।’ তিনি বলেন, ‘ভারতের দিল্লিতে ‘সাউথ এশিয়ান জার্নালিস্টস’র একটি অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সুযোগ রাখা হয়েছে। শেখ হাসিনা পলাতক এবং বিভিন্ন মামলায় দ-প্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও ভারত সরকার তার প্রতি সহানুভূতিশীল আচরণ করছে।’
