কৃষকদের হাতে পর্যায়ক্রমে আধুনিক কৃষি যন্ত্রপাতি তুলে দিতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। গতকাল শুক্রবার সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলা কবি নজরুল মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক গ্রুপের মধ্যে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। কৃষি উৎপাদন বাড়াতে ও কৃষকদের শ্রম কমাতে আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি বিতরণ অব্যাহত থাকবে।
কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলার ১৪৭টি কৃষক গ্রুপের মধ্যে মোট ১৬৭টি কৃষিযন্ত্র বিতরণ করা হয়। এর মধ্যে ছিল ৯টি বেড প্ল্যান্টার, ১৭টি ধান কর্তন যন্ত্র (রিপার), ৯টি ভুট্টা মাড়াই যন্ত্র, ২০টি ফিতা পাইপ, ২০টি এলএলপি, ২০টি ফুট পাম্প এবং ২০টি ধান মাড়াই যন্ত্র।
