জন্মদিনে তামিমকে ছাড়িয়ে সেঞ্চুরির পথে মুশফিক

আপডেট : ০৯ মে ২০২৬, ১২:০১ পিএম

নিজের ৩৯তম জন্মদিনটিকে ব্যাট হাতে এক অনন্য উচ্চতায় নিয়ে গেলেন বাংলাদেশের ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে ফিফটি হাঁকানোর মাধ্যমে তিনি ভেঙে দিয়েছেন সাবেক ওপেনার ও বর্তমান বিসিবি অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবালের রেকর্ড।

এই ম্যাচের আগে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ (৫০+) রানের ইনিংস খেলার রেকর্ডটি ছিল যৌথভাবে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের (৪২টি করে)। শনিবার সকালে শাহিন শাহ আফ্রিদির বলে সিঙ্গেল নিয়ে নিজের ক্যারিয়ারের ২৯তম হাফসেঞ্চুরি পূর্ণ করার সাথে সাথেই তামিমকে ছাড়িয়ে যান মুশফিক। এটি ছিল তার ক্যারিয়ারের ৪৩তম পঞ্চাশোর্ধ রানের ইনিংস।

এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন মুমিনুল হক, যার পঞ্চাশোর্ধ রানের ইনিংস সংখ্যা ৩৯টি।

প্রথম দিন শেষে মুশফিক ৪৮ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনে খেলা শুরুর পর বেশ সাবলীলভাবেই ফিফটি পূর্ণ করেন তিনি। তবে অপর প্রান্তে সঙ্গী লিটন দাস (৩৩) ও মেহেদী হাসান মিরাজ (১০) ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। দুজনেই উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন মোহাম্মদ আব্বাসের হাতে।

বর্তমানে ক্রিজে অপরাজিত থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন মুশফিক। ১৭১ বলে ৮টি চারের সাহায্যে তিনি ৭০ রানে ব্যাট করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত