মৌসুমের অন্তিম ‘এল ক্লাসিকো’র আগে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার পরিস্থিতির পার্থক্য এখন দিন আর রাতের মতো। একদিকে রিয়াল শিবিরে চলছে চুয়ামেনি-ভালভার্দে দ্বন্দ্বে জরিমানা আর ইনজুরির ধাক্কা, অন্যদিকে বার্সেলোনা কোচ হানসি ফ্লিক প্রশংসা করছেন তার দলের ‘অসাধারণ ভ্রাতৃত্বের’। রোববার স্পটিফাই ন্যু ক্যাম্পে রিয়ালের বিপক্ষে হার এড়াতে পারলেই তিন ম্যাচ হাতে রেখে লা লিগা শিরোপা ঘরে তুলবে বার্সা।
শনিবারের সংবাদ সম্মেলনে হানসি ফ্লিক বার্সেলোনার সাফল্যের রহস্য হিসেবে দলের মধ্যকার বন্ধনকে বড় করে দেখিয়েছেন। রিয়াল মাদ্রিদের বিশৃঙ্খলার বিপরীতে বার্সার শান্ত ও সুন্দর পরিবেশ নিয়ে তিনি বলেন, 'আমাদের ড্রেসিংরুমের পরিবেশ এবং খেলোয়াড়দের মধ্যকার কানেকশনটা সত্যিই স্পেশাল। আমাদের বিশ্বমানের খেলোয়াড় আছে, কিন্তু তাদের মধ্যে যে মেলবন্ধন—বিশেষ করে অ্যাকাডেমি (লা মাসিয়া) থেকে আসা খেলোয়াড়দের মধ্যে—তা এক কথায় অসাধারণ। তারা একে অপরকে বছরের পর বছর ধরে চেনে।'
টানা দ্বিতীয়বার লিগ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা ফ্লিক আরও যোগ করেন, 'এত তরুণ একটা দল নিয়ে টানা দ্বিতীয়বার স্পেনের লিগ জেতাটা মোটেও স্বাভাবিক কোনো ঘটনা নয়। ছেলেরা অবিশ্বাস্য কাজ করেছে।'
মাদ্রিদে চুয়ামেনি এবং ফেদে ভালভার্দের মধ্যকার হাতাহাতির ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে ফ্লিক কিছুটা বিস্ময় প্রকাশ করেন। ৫ লাখ ইউরো জরিমানা এবং ভালভার্দের হাসপাতালে যাওয়ার ঘটনা নিয়ে তিনি বলেন, 'আমি কি অবাক হয়েছি? হয়তো কিছুটা। ফুটবলে বা জীবনে এমন কিছু ঘটে যায়। আমি বলব না যে এটা স্বাভাবিক, তবে এটি ঘটতে পারে। আপনাকে কথা বলে এটি ম্যানেজ করতে হবে। সবসময় মনে রাখতে হবে, ফুটবল ‘আমি’র (ইগো) নয়, বরং ‘আমরা’র (দল) খেলা।'
তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, রিয়াল মাদ্রিদ যতই সংকটে থাকুক, এল ক্লাসিকোতে তারা ১০০ ভাগ মনোযোগ দিয়েই খেলবে।
লা লিগার ইতিহাসে বার্সেলোনা কখনোই রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে গাণিতিকভাবে শিরোপা নিশ্চিত করতে পারেনি। ১৯৩২ সালে একবার রিয়াল বার্সার সাথে ড্র করে শিরোপা জিতেছিল। এবার বার্সার সামনে সুযোগ সেই হারের বদলা নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের সামনেই উৎসব করার।
লামিন ইয়ামাল এবং আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনকে নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও, রাফিনহা এবং মার্ক বার্নাল দলে ফেরায় শক্ত অবস্থানে আছে বার্সা। লা লিগায় টানা ১০ ম্যাচ জয়ের ধারা বজায় রাখা কাতালানরা পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে। ফ্লিক বলেন, “আগামীকাল সেরা ১১ জন বাছাই করা আমার জন্য কঠিন হবে, কারণ সবাই অসাধারণ ফর্মে আছে। আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলতে চাই।”
চুয়ামেনি-ভালভার্দেকে ‘অপরাধীর মতো ফাঁসিকাষ্ঠে ঝোলাবেন না’: রিয়াল কোচ