গণঅভ্যুত্থানের সময় হত্যাকান্ডসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামী ৮ জুন তাদের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হবে। গতকাল রবিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। ট্রাইব্যুনাল এ মামলায় ২৮ আসামির অব্যাহতির আবেদন খারিজ করে বিচার শুরুর তারিখ ধার্য করে। এর মাধ্যমে আসামিদের বিচার কার্যক্রম শুরু হচ্ছে।
আসামিদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময় মোহাম্মদপুরে কলেজশিক্ষার্থী ফারহান ফাইয়াজসহ ৯ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের তিন অভিযোগ আনা হয়েছে। নানক, তাপসসহ ২৪ আসামি মামলার শুরু থেকেই পলাতক। এ মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা নাইমুর রহমানসহ চার আসামি কারাগারে।
এর আগে গত ১৮ জানুয়ারি ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিলকৃত অভিযোগ আমলে নেয়। পাশাপাশি নানক-তাপসসহ এ মামলার পলাতকদের গ্রেপ্তারে পরোয়ানা জারি হয়। পলাতক উল্লেখযোগ্য আসামিরা হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় জোয়ার্দার, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।
