বার্সার লা লিগা শিরোপা ধরে রাখার ৫ নেপথ্য নায়ক

আপডেট : ১১ মে ২০২৬, ০৯:৩৩ এএম

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ লা লিগার সিংহাসন ধরে রাখলো বার্সেলোনা। রবিবার রাতে ক্যাম্প ন্যু-তে অনুষ্ঠিত টানটান উত্তেজনার ‘এল ক্লাসিকো’তে লস ব্লাঙ্কোসদের ২-০ গোলে পরাজিত করে শিরোপা নিশ্চিত করেছে হানসি ফ্লিকের শিষ্যরা। লিগ শেষ হওয়ার তিন ম্যাচ বাকি থাকতেই দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের চেয়ে ১৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হলো কাতালানরা।

বার্সেলোনার এই শিরোপা ধরে রাখার পেছনে পাঁচটি প্রধান কারণ ও ব্যক্তির অবদান উঠে এসেছে:

১. ১৮ বছরের বিস্ময় লামিন ইয়ামাল

১৮ বছর বয়সী এই কিশোর উইঙ্গার চলতি মৌসুমে বার্সার মূল চালিকাশক্তি ছিলেন। লিগে ১৬টি গোল করার পাশাপাশি ১২টি গোল করিয়ে দলের সর্বোচ্চ গোলদাতা ও অ্যাসিস্ট দাতা এখন তিনিই। গত মৌসুমের চেয়ে এবার গোলমুখে তিনি অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছেন।

লামিন ইয়ামাল

২. সম্মিলিত আক্রমণভাগ

বার্সেলোনা এবার কোনো একক খেলোয়াড়ের ওপর নির্ভর করেনি। রবার্ট লেভানদোভস্কি, ফেরান তোরেস এবং রাফিনিয়া—প্রত্যেকেই ১০টির বেশি গোল করেছেন। এছাড়া ধারে আসা মার্কাস র‍্যাশফোর্ড, দানি ওলমো এবং ফেরমিন লোপেজ গোল ও অ্যাসিস্ট মিলিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

৩. গোলপোস্টের নিচে জোয়ান গার্সিয়া

মার্ক-আন্দ্রে টের স্টেগেনের ফর্ম নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটিয়েছেন নতুন গোলরক্ষক জোয়ান গার্সিয়া। স্প্যানিয়ল থেকে আসা এই গোলকিপার চলতি লিগে সর্বোচ্চ ১৫টি ক্লিন শিট রেখে বার্সার রক্ষণভাগকে নির্ভরতা দিয়েছেন।

৪. রিয়াল মাদ্রিদের ব্যর্থতা ও এমবাপে ফ্যাক্টর

পিএসজি থেকে বড় আশা নিয়ে কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদে যোগ দিলেও বড় কোনো শিরোপার দেখা পাননি তিনি। ভিনিসিয়াস ও বেলিংহামের সাথে এমবাপের রসায়ন ঠিকমতো না জমা এবং মাঝপথে কোচ জাভি আলোনসোকে বরখাস্ত করা রিয়ালকে শিরোপা দৌড় থেকে ছিটকে দিয়েছে।

৫. ঘরের মাঠ ক্যাম্প ন্যু-র আশীর্বাদ

দীর্ঘ প্রতীক্ষার পর পুনর্নির্মিত ক্যাম্প ন্যু স্টেডিয়ামে ফেরা বার্সেলোনার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। ঘরের মাঠে এখন পর্যন্ত অপরাজিত থাকা দলটি সমর্থকদের সামনে একের পর এক দাপুটে জয় তুলে নিয়ে লিগ জয় সহজ করেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত