মুরাদনগরে মাদক ক্রয়-বিক্রয়ের অপরাধে ২ যুবককে কারাদণ্ড 

আপডেট : ১১ মে ২০২৬, ০৯:৩৪ এএম

কুমিল্লার মুরাদনগরে মাদক ক্রয়-বিক্রয়ের অপরাধে মো. জুয়েল মিয়া (২৫) ও অরবিন (২৬) নামের ২ যুবককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময়  প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।

রবিবার (১০ মে) দিবাগত রাত সাড়ে ১০টায় উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম সারোয়ার রাব্বী। ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তরা হলো মোচাগড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. জুয়েল মিয়া ও একই গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে অরবিন। 

জানা যায়, মোচাগড়া বাজারে রাতে মাদক ক্রয় বিক্রয়ের সময় এলাকাবাসী দুইজনকে আটক করে প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে ইউএনও এ.বি.এম সারোয়ার রাব্বী মোচাগড়া বাজারে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী দুইজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন মুরাদনগর থানার আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম সারোয়ার রাব্বী বলেন, মাদক নির্মূলে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে। মাননীয় ধর্মমন্ত্রীর নির্দেশনা সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত