বিসিবিতে ফিরছেন বুলবুলের কমিটির পরিচালক রাজ্জাক

আপডেট : ১১ মে ২০২৬, ০৩:৪১ পিএম

খেলোয়াড়ি জীবনের ইতি টেনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবিতে) চাকরি নেন আব্দুর রাজ্জাক। জাতীয় দলের সাবেক বাঁহাতি এই স্পিনার দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থায় যোগ দেন নির্বাচক হিসেবে। এরপর বিসিবি পরিচালকও হয়েছিলেন তিনি। এবার আরেকটি নতুন ভূমিকায় বিসিবিতে দেখা যাবে তাকে। হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দিতে যাচ্ছেন রাজ্জাক।

এক বছরের চুক্তিতে রাজ্জাকের নিয়োগ প্রায় চূড়ান্ত হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। তিনি বলেন, ‘এইচপির স্পিন বোলিং কোচ হিসেবে তার যোগ দেওয়ার ব্যাপারটি প্রায় নিশ্চিত। বাকি শুধু আনুষ্ঠানিক কাগজপত্র সম্পন্ন হওয়ার। দ্রুতই এটা হয়ে যাবে।’

প্রশাসনিক দায়িত্ব থেকে কোচিং অধ্যায়ে নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে রাজ্জাকের। সম্প্রতি তিনি লেভেল-৩ কোচিং কোর্স সম্পন্ন করেছেন। ওই কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ নম্বরও পান রাজ্জাক। নতুন ভূমিকায় বিসিবিতে ফিরতে যাওয়া সাবেক এই ক্রিকেটার আগে কখনও কোচিং করাননি। 

ক্রিকেট ছেড়ে ২০২১ সালে মিনাহজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলে যুক্ত হন রাজ্জাক। নির্বাচক প্যানেলের বাকি সদস্য ছিলেন হাবিবুল বাশার। পরবর্তীতে নান্নু ও বাশারকে অন্য জায়গায় সরিয়ে দেয় বিসিবি। এরপর প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়া গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে দীর্ঘদিন দল নির্বাচনের কাজ করেন রাজ্জাক। এ সময় জাতীয় দল ছাড়াও বাংলাদেশ ‘এ’ দল ও ইমার্জিং দলের খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় ভূমিকা রাখেন তিনি। 

বিসিবিতে রাজ্জাকের সর্বশেষ ভূমিকা ছিল পরিচালকের। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডে কয়েক মাসের জন্য পরিচালকের দায়িত্ব পালন করেন দেশের হয়ে ১৩ টেস্ট, ১৫৩ ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি খেলা রাজ্জাক। বিসিবির সর্বশেষ নির্বাচনে জেলা, বিভাগের ক্যাটাগরি-১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন তিনি। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বোর্ড ভেঙে দেওয়ার আগে পরিচালকের পদে ছিলেন রাজ্জাক।     

এইচপিতে রাজ্জাকের অন্তর্ভুক্তিকে ভবিষ্যৎ প্রজন্মের স্পিনার তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দেশের তরুণ স্পিনারদের দক্ষতা উন্নয়নে তার অভিজ্ঞতা ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করে বিসিবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত