মোহামেডান না ব্রাদার্স

আপডেট : ১২ মে ২০২৬, ০৭:৫১ এএম

দেশের ঐতিহ্যবাহী দুই ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের সামনে এবার ফেডারেশন কাপের ফাইনালে ওঠার বড় সুযোগ। তৃতীয় কোয়ালিফাইং পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ কুমিল্লার ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি। এ ম্যাচে জয়ী দল সরাসরি জায়গা করে নেবে ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে বর্তমান শক্তিশালী দল বসুন্ধরা কিংস। ম্যাচটি শুরু হবে পৌনে ৩টায়।

এ ম্যাচটি ঘিরে ইতিমধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়ছে উত্তেজনা। দুদলই শেষ কয়েক মৌসুমে নিজেদের হারানো গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করছে। বিশেষ করে মোহামেডান এবার টুর্নামেন্টজুড়ে বেশ আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে। আক্রমণভাগে তাদের গতি ও মাঝমাঠের নিয়ন্ত্রণ প্রতিপক্ষকে চাপে ফেলছে নিয়মিত। গতকাল সোমবার ম্যাচের আগের দিন ঢাকা থেকে চার ঘণ্টার জার্নি করে কুমিল্লায় পৌঁছেছে মোহামেডান। দলের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব বলেন, ‘চার ঘণ্টা জার্নি করে কুমিল্লায় এসেছি ৪টায়। এসেই ছেলেরা অনুশীনে নেমে পড়েছে। দলের সবাই সুস্থ। ফাইনালই আমাদের লক্ষ্য।’

অন্যদিকে ব্রাদার্স ইউনিয়নও চমক দেখিয়ে এ পর্যায়ে উঠে এসেছে। তরুণ ও অভিজ্ঞ এবং সাফ কোটায় আসা ফুটবলারের সমন্বয়ে গড়া দলটি লড়াকু মানসিকতায় এগিয়ে যেতে চায় আরও একধাপ। সাফের কোটায় আসা পাকিস্তানের ফুটবলাররাই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে বলে মনে করছেন ব্রাদার্সের ম্যানেজার আমের খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত