মালয়েশিয়ায় নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক বাংলাদেশি। সোমবার (৩ আগস্ট) দেশটির নেগেরি সেমবিলান অঙ্গরাজ্যের তামান লিঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে।
মালয়েশিয়াভিত্তিক সংবাদমাধ্যম এনএসটি অনলাইন জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নেগেরি সেমবিলান পুলিশের প্রধান দাতুক আলজাফনি আহমদ বলেন, সোমবার বিকেল সোয়া ৪টার দিকে তামান লিঙ্গির একটি বাড়িতে কয়েকজন বাংলাদেশির মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় লিঙ্গি থানার পুলিশ। সেখান থেকে এক বাংলাদেশিকে আটক করা হয়। পরে প্রাথমিক তদন্তের ভিত্তিতে লিঙ্গির সুয়া মাঙ্গিস এলাকায় আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য, নিহত তিন বাংলাদেশির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। আহত আরেক বাংলাদেশিকে রেম্বাউ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ও আহতরা সবাই একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং একই বাসায় থাকতেন। পুলিশের ধারণা, একাধিক স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুরো ঘটনার ধারাবাহিকতা জানতে তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে মঙ্গলবার পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে।
ঘটনাটি মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা হিসেবে তদন্ত করা হচ্ছে। তবে সংঘর্ষের কারণ বা হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।
