সন্তানের জীবন নিয়ে শঙ্কায় মা

আপডেট : ১২ মে ২০২৬, ০৭:৫৫ এএম

স্বর্ণ পাচার চক্রের হুমকি ও মানসিক নির্যাতনে স্বামীর মৃত্যু হয়েছে। চক্রটি এখন কলেজপড়–য়া ছেলেকে টার্গেট করেছে। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন এক নারী। তিনি সন্তানকে বাঁচাতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।

অভিযোগকারীর নাম হিরা খাতুন। তার বাড়ি মাগুরার শালিখা উপজেলার জুনারি গ্রামে। তার স্বামীর নাম আলী আহমেদ। হিরা খাতুন যশোরের কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে অপহরণ, নির্যাতন, চাঁদাবাজি ও জিম্মি করার অভিযোগ এনে তাদের বিচার দাবি করেন।

লিখিত বক্তব্যে হিরা খাতুন জানান, স্বামী ও দুই সন্তান নিয়ে সুখেই ছিলেন তিনি। কিন্তু ২০২৪ সালের অক্টোবরের পর তাদের জীবনে নেমে আসে আতঙ্ক। যশোরের একটি প্রভাবশালী চক্র নিয়মিত মোবাইল ফোনে তার স্বামীকে হুমকি ও অপহরণের ভয় দেখাতে থাকে।

হিরা বলেন, ‘একপর্যায়ে তার স্বামী জানান বিএনপির খুলনা বিভাগের এক শীর্ষ নেতার আশীর্বাদপুষ্ট যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা ও শার্শা থানা যুবদল নেতা গোল্ড শহীদ তার বিরুদ্ধে ১৪ কোটি টাকার সমপরিমাণ সোনার বার আত্মসাতের মিথ্যা অভিযোগ তুলেছেন। অথচ এ বিষয়ে তার স্বামীর কোনো সংশ্লিষ্টতা ছিল না।’

হিরা খাতুনের দাবি, দীর্ঘদিনের মানসিক চাপ, ভয়ভীতি ও হুমকি সহ্য করতে না পেরে তার স্বামী ২০২৫ সালের ৫ জানুয়ারি স্ট্রোক করে মারা যান। তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, অব্যাহত মানসিক নির্যাতনই আমার স্বামীর মৃত্যুর জন্য দায়ী।’  তিনি আরও বলেন, স্বামীর মৃত্যুর পরও তাদের পরিবারের ওপর চাপ ও হুমকি বন্ধ হয়নি। বরং তাদের একমাত্র ছেলেকে টার্গেট করা হয়েছে।

তিনি জানান, যশোর আব্দুর রাজ্জাক কলেজে অধ্যয়নরত তার ছেলেকে ২০২৫ সালের ১৭ অক্টোবর প্রাইভেটকারসহ তুলে নিয়ে যাওয়া হয়। পরে গোল্ড শহীদ ও তার বড় ভাই আনসারুল হক রানার সহযোগিতায় পাবনা সদর থানায় একটি মিথ্যা মামলা দিয়ে সাদা পোশাকের পুলিশ দিয়ে তার ছেলেকে আটক করানো হয়। পরে মাগুরা জেলা যুবদলের সভাপতি ওয়াকিসকুর রহমান কল্লোলের সহযোগিতায় পাঁচ দিন পর ছেলে ও গাড়ি উদ্ধার করতে সক্ষম হন। তবে ছেলেকে আটকে রেখে চারটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়।  গাড়ি ফেরত পাওয়ার জন্য যশোর কোতোয়ালি থানায় জিডি করলেও এখনো তা ফেরত পাননি। হিরা খাতুন অবিলম্বে তার ব্যক্তিগত গাড়ি ফেরত, স্বামী ও সন্তানের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, রানা, শহীদ ও কল্লোলের গোল্ড সিন্ডিকেট নিয়ে সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রচারের পর গত ৬ মে যুবদলের এই তিন নেতার বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় যুবদল। এর আগে ৪ মে দলের তিন নেতাকে গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৪ ঘণ্টার সময় দিয়ে শোকজও করে যুবদল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত