লেবাননের সোহমোর শহরে ইসরায়েলি হামলার হুমকি, বাসিন্দাদের শহর ছাড়ার নির্দেশ

আপডেট : ১২ মে ২০২৬, ০৮:৩২ এএম

লেবাননের বেকা উপত্যকায় অবস্থিত সোহমোর শহরের বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। শহরটিতে বড় ধরনের হামলার লক্ষ্য নিয়ে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক জরুরি বার্তায় বলা হয়, বাসিন্দারা যদি দ্রুত শহর ত্যাগ না করেন, তবে তারা তাদের জীবনকে ‘ভয়াবহ বিপদের’ মুখে ঠেলে দেবেন। শহরটি থেকে অন্তত ১ হাজার মিটার (০.৬ মাইল) দূরে কোনো উন্মুক্ত স্থানে আশ্রয় নিতে সাধারণ মানুষকে নির্দেশ দেওয়া হয়েছে।

গত কয়েক মাস ধরে লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান ও হামলার মুখে এটি সবশেষ উচ্ছেদ আদেশের ঘটনা। বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় গত ২ মার্চ থেকে এ পর্যন্ত অন্তত ২ হাজার ৮৬৯ জন নিহত হয়েছেন।

লেবাননের সামাজিক বিষয়ক মন্ত্রণালয় এবং জাতিসংঘের দেওয়া তথ্যানুযায়ী, লেবাননে ইসরায়েলি আগ্রাসন ও হামলার কারণে গত ৪ মে পর্যন্ত ১১ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দফায় দফায় দেওয়া এই উচ্ছেদ আদেশের ফলে দেশটিতে মানবিক সংকট আরও ঘনীভূত হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত