স্বাধীনতা পদকপ্রাপ্ত দেশবরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আতাউর রহমানের মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। মগবাজারে জানাজা শেষে মঙ্গলবার (১২ মে) বিকেলে তার মরদেহ শহীদ বেদিতে রাখা হবে। জনসাধারণের শ্রদ্ধা শেষে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
এরআগে সোমবার (১১ মে) মধ্যরাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আতাউর রহমান ইন্তেকাল করেন।
অভিনয়শিল্পী সংঘ জানায়, আতাউর রহমানের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদিতে মঙ্গলবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত রাখা হবে। এর আগে বাদ জোহর মগবাজারের ইস্পাহানি সেঞ্চুরি আর্কেডে নিজ বাসভবনের সামনে মাঠে অনুষ্ঠিত হবে তার জানাজা। পরে বনানী কবরস্থানে বরেণ্য এই অভিনেতাকে দাফন করা হবে।
উল্লেখ্য, ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া আতাউর রহমান বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বহুমাত্রিক পরিচয়ের অধিকারী। তিনি একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত তিনি। দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক।
তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষকতার পাশাপাশি ‘প্রজাপতি নিবন্ধ’, ‘মঞ্চসারথির কাব্যকথা’, ‘নাটক করতে হলে’, ‘নাট্যপ্রবন্ধ বিচিত্রা’, ‘লেখনী’সহ নানা বই প্রকাশ করেছেন। বেশ কিছু টিভি নাটক ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন।
