সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) নির্বাচনে (২০২৬-২০২৭ মেয়াদে) দুদিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। প্রথম দিনে ১১ হাজার ৯৭ আইনজীবী ভোটারের মধ্যে ভোট দিয়েছেন এক হাজার ৭৭১ আইনজীবী ভোটার, যা মোট আইনজীবী ভোটারের ১৫ দশমিক ৯৬ শতাংশ। দুই বছরের বেশি সময় পর অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট বারের নির্বাচনের পরিবেশ ছিল অনেকটাই নিরুত্তাপ। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনে একই সময় থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সুপ্রিম কোর্ট বারে কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহসভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহসম্পাদক পদে দুটি এবং সদস্যপদে সাতটি পদসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন হচ্ছে। এবারের নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত প্রার্থীরা অংশ নিচ্ছেন। আওয়ামী লীগ সমর্থিত কোনো আইনজীবী প্যানেল এবারের নির্বাচনে নেই।
এবারের নির্বাচনে বিএনপি সমর্থক প্যানেল থেকে সভাপতি পদে ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াত সমর্থক প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট আবদুল বাতেন ও সম্পাদক পদে অ্যাডভোকেট একেএম রেজাউল করিম খন্দকার প্রতিদ্বন্দ্বিতা করছেন। এনসিপি সমর্থিতরা আংশিক প্যানেল থেকে সম্পাদক পদে আজমল হোসেন বাচ্চু নির্বাচনে ভোটে লড়ছেন।
এ তিন প্যানেলের বাইরে সভাপতি পদে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ, সম্পাদক পদে অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন ভুঁইয়া, অ্যাডভোকেট মো. আবু ইয়াহিয়া দুলাল, অ্যাডভোকেট মো. ওমর ফারুক ও অ্যাডভোকেট মোহাম্মদ আশরাফ উজ-জামান খান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে নির্বাচন পরিচালনা উপকমিটি নির্বাচনে দায়িত্ব পালন করছে।
