বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিচালিত হচ্ছে ৭ কর্মদিবসব্যাপী ‘বিশেষ সেবা কার্যক্রম’। এই কার্যক্রমের অংশ হিসেবে গত সোমবার সিএজি মো. নূরুল ইসলাম ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি) কমান্ডের আওতাধীন বিভিন্ন কার্যালয়ে চলমান বিশেষ সেবা কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে সিএজির সঙ্গে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এ এইচ এম শামসুর রহমান উপস্থিত ছিলেন।
বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে চলমান কার্যক্রমসমূহ পরিদর্শন করে সিএজি মো. নূরুল ইসলাম সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি জনগণকে দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা প্রদানের ক্ষেত্রে সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করে বলেন, ‘বর্তমান সরকার জনবান্ধব প্রশাসন গড়ার লক্ষ্যে সেবা প্রদান ব্যবস্থাকে আরও সহজ, মানবিক, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ সম্মানিত পেনশনারসহ সব সেবাগ্রহীতাকে গুণগত সেবা পৌঁছে দিতে তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, মানবিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, সিএজি কার্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১ থেকে ১৯ মে পর্যন্ত বাংলাদেশের সব নিরীক্ষা ও হিসাবরক্ষণ অফিসে বিশেষ সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই সেবা কার্যক্রমের অংশ হিসেবে বেতন নির্ধারণ, পেনশন, জিপিএফ/ডিএসপিএফ/ডিএসওপি, টিএডিএ, কম্যুটেশন বিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা শ্রদ্ধা, সম্মান, আন্তরিকতা ও দ্রুততার সঙ্গে প্রদান করা হচ্ছে। বিজ্ঞপ্তি
