গত বছর ওয়ানডে সংস্করণকে বিদায় জানানোর পর থেকেই গুঞ্জন ছিল—দলীয় প্রয়োজনে আবারও ওয়ানডেতে ফিরতে পারেন মুশফিকুর রহিম। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ওয়ানডে দলের টানা কয়েকটি সিরিজ হার এবং মিডল অর্ডারের ধারাবাহিক ব্যর্থতায় অভিজ্ঞ এই ব্যাটারের অভাব তীব্রভাবে অনুভূত হচ্ছিল। অবশেষে জানা গেল, তাকে ওয়ানডেতে ফেরার আনুষ্ঠানিক প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে সেই প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে দিয়েছেন ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি ক্রিকেটার।
শনিবার (১৬ মে) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে আজ সংবাদ সম্মেলনে এসে ওয়ানডেতে ফেরার সেই প্রস্তাবের কথা নিজেই নিশ্চিত করেছেন মুশফিক।
ওয়ানডেতে না ফেরার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুশফিক বলেন, "ওয়ানডে ক্রিকেটে যেটা বললেন, আমার কাছে (প্রস্তাব) এসেছিল। কিন্তু আমি মনে করি, বাংলাদেশ দল ইনশা আল্লাহ এমন একটা পর্যায়ে এখন আছে এবং ভবিষ্যতেও যাবে, যেখানে আমার ও রকম সার্ভিসের আর দরকার হবে না।"
বর্তমানে ৩৯ পেরিয়ে চলা মুশফিক এখন খেলছেন শুধু সাদা পোশাকের টেস্ট ক্রিকেটে। প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক ছোঁয়া এই ব্যাটারের ফিটনেস বা ফর্ম নিয়ে কখনোই প্রশ্ন ছিল না। চলমান পাকিস্তান সিরিজেও মিরপুর টেস্টে দলের জয়ে দুই ইনিংসে ৭১ ও ২২ রানের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। তবে রঙিন পোশাকের ক্রিকেটে আর ফেরার কোনো পরিকল্পনা নেই তাঁর। দীর্ঘ দেড় দশক আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শেষে এখন পরিবারকে সময় দিতে পেরেই খুশি তিনি।
টেস্ট দলের ধারাবাহিকতায় মুগ্ধ মুশফিক
বর্তমানে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ধারাবাহিক পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট সাবেক এই অধিনায়ক। নিজের দীর্ঘ ২০ বছরের টেস্ট ক্যারিয়ারের উত্থান-পতন স্মরণ করে তিনি বলেন, "আগে আমরা এক বছরে গড়ে হয়তো সর্বোচ্চ তিনটা টেস্ট খেলতাম, এ রকম হলে ফল পাওয়া খুব কঠিন। এখন ৮–১০টা খেলি, আগের থেকে এটা ভালো। অবশ্যই এখন যে টেস্ট দলটা খেলছে, সব সময়ের চেয়ে বেশি ধারাবাহিক।"
তিনি আরও যোগ করেন, আগে দলে দু-একজন একক পারফরমারের ওপর নির্ভর করতে হতো, কিন্তু এখন দলে ম্যাচ উইনারের সংখ্যা অনেক বেশি। যখন একটা দলে ৫ থেকে ৭-৮ জন পারফর্ম করে, তখন যেকোনো সংস্করণেই দল ভালো করতে বাধ্য।
অবসর নিয়ে ভাবনা কী?
বয়স এবং অবসর নিয়ে প্রশ্নে স্বভাবসুলভ হাসিতে মুশফিক বলেন, "আপাতত কোনো লক্ষ্য নেই। কালকের ম্যাচটাই শেষ হয়ে যেতে পারে আবার...বাকিটা উপরওয়ালা জানে। বেঁচে থেকে যে কয়টা দিন মাঠে কাটাতে পারি, এই ইচ্ছাটাই আছে। এখন ছাড়ব বা কবে ছাড়ব, এটা আসলে এখনো সিদ্ধান্ত নিইনি। তবে ভালো সময় থাকতেই ছাড়ব ইনশা আল্লাহ।"
দুই ম্যাচের টেস্ট সিরিজে এই মুহূর্তে ১–০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। ইনজুরির কারণে ওপেনার সাদমান ইসলাম ছিটকে যাওয়ায় দ্বিতীয় টেস্টের দলে ডাক পেয়েছেন জাকির হাসান।
