ক্রিশ্চিয়ানো রোনালদোর সৌদি আরবের মাটিতে প্রথম কোনো প্রধান ট্রফি জয়ের অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো। শনিবার রাতে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু এর ফাইনালে জাপানের ক্লাব গাম্বা ওসাকার কাছে ১-০ ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে আল-নাসরের।
পুরো ম্যাচজুড়ে বল পজিশনে আধিপত্য বিস্তার এবং গোলমুখে একের পর এক আক্রমণ করেও ওসাকার রক্ষণব্যূহ ভাঙতে পারেনি আল-নাসর। প্রথমার্ধে করা তুর্কি ফরোয়ার্ড ডেনিজ হাম্মাতের একমাত্র গোলটিই গাম্বা ওসাকাকে এশিয়ার দ্বিতীয় স্তরের এই টুর্নামেন্টের শিরোপা এনে দেয়।
আল-নাসরের জন্য এটি ছিল টানা দ্বিতীয় বড় ধাক্কা। ঠিক পাঁচ দিন আগেই সৌদি প্রো লিগের শিরোপা জয়ের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল তারা। কিন্তু অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের গোলে ম্যাচ ড্র হওয়ায় ২০১৯ সালের পর প্রথম লিগ শিরোপা জয়ের উৎসব মাটি হয় তাদের। আগামী বৃহস্পতিবার লিগের শেষ ম্যাচেই এখন নির্ধারিত হবে প্রো লিগের ভাগ্য।
নিজেদের ঘরের মাঠে ম্যাচটি আল-নাসরের জন্য ছিল চরম হতাশার। প্রথমার্ধে বেশ কিছু দারুণ সুযোগ তৈরি করেছিল তারা, কিন্তু ম্যাচের ৩০ মিনিটে উল্টো গোল খেয়ে বসে স্বাগতিকরা। ডি-বক্সের ঠিক ভেতর থেকে নিচু শটে বল জালে জড়ান ওসাকার হাম্মাত। দীর্ঘক্ষণ ভিএআর পরীক্ষার পর অফসাইড না হওয়ায় গোলটি বৈধ ঘোষণা করা হয়।
প্রথমার্ধের বিরতির ঠিক আগে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন ২০২২ সালের ডিসেম্বরে আল-নাসরে যোগ দেওয়া ক্রিস্টিয়ানো রোনালদো। তবে জোয়াও ফেলিক্সের ক্রস থেকে পাওয়া তার ক্লোজ-রেঞ্জ হেডারটি পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। গত জুলাইয়ে চেলসি থেকে আল-নাসরে যোগ দেওয়া ফেলিক্স ম্যাচের ৭৭ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শট নিলেও তা পোস্টে লেগে ফিরে আসে।
গাম্বা ওসাকার ফুটবলাররা রক্ষণভাগে দলগত ও সুশৃঙ্খল পারফরম্যান্স প্রদর্শন করে আল-নাসরের তারকাখচিত আক্রমণভাগকে বোতলবন্দি করে রাখে। গোলদাতা হাম্মাত ইনজুরির কারণে প্রথমার্ধেই মাঠ ছাড়লেও তার দল লিড ধরে রাখতে সক্ষম হয়।
একা একা মাঠ ছাড়েন রোনালদো
ম্যাচের শেষ বাঁশি বাজার পরপরই দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। দলের বাকি খেলোয়াড়রা যখন মাঠের ভেতর হতাশায় ভেঙে পড়েছেন, রোনালদো তখন সতীর্থদের থেকে আলাদা হয়ে একা একাই গটগট করে টানেল দিয়ে ড্রেসিংরুমের দিকে হেঁটে চলে যান।
পরবর্তীতে আল-নাসরের প্রধান কোচ হোর্হে জেসুস যখন রানার্সআপের সিলভার মেডেল সংগ্রহ করতে পোডিয়ামে দলের বাকি ফুটবলারদের নেতৃত্ব দিচ্ছিলেন, তখন সেখানে সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড রোনালদোকে আর দেখা যায়নি। তার এমন মেডেল না নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও দ্রুত ছড়িয়ে পড়ে, যা ভক্তদের মাঝে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।
এক সপ্তাহের মধ্যে দুটি বড় ধাক্কা খেলেও আল-নাসরের সামনে এখনো সৌদি প্রো লিগ জেতার সুযোগ রয়েছে। আগামী বৃহস্পতিবার 'দামাক'-এর বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে মাঠে নামবে তারা। বর্তমানে চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে রয়েছে রোনালদোর দল।
