সাভার দিনব্যাপী চাকরি মেলা 

আপডেট : ১৯ মে ২০২৬, ০২:৪৭ পিএম

দিনব্যাপী নানা আয়োজনে সাভারে বেসরকারী উন্নয়ন সংস্থা পিদিম ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে চাকরি মেলা। সোমবার (১৯ মে) উপজেলা হলরুমে আয়োজিত চাকরি মেলা ফিতা কেটে উদ্বোধন করেন ঢাকা-১৯ সাভার-আশুলিয়া আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।     

আয়োজিত এ মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেতে অংশ নেন শতাধিক চাকরি প্রার্থী তরুণ-তরুণী। পিদিম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এডভিন বরুণ ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে এ সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ইশান, পিকেএসএফের মহাব্যবস্থাপক দিলীপ কুমার চক্রবর্তীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে। পিকেএসএফের সহযোগিতায় পরিচালিত, রেইজ প্রকল্পের আওতায় ১৭টি ট্রেডে প্রশিক্ষণ দিয়ে ইতোমধ্যে ৯০৫ জনকে দক্ষ করে তোলা হয়েছে। এর মধ্যে ৭৫৫ জনের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে বলে জানানো হয়।

চাকরি মেলায় ওয়ালটন, সিংগার বাংলাদেশ, পারটেক্স গ্রুপসহ আটটি প্রতিষ্ঠান স্টল নেয়। চাকরি প্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে সিভি জমা দেন এবং অনেক প্রতিষ্ঠান তাৎক্ষণিক সাক্ষাৎকারও নেয়। পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য ও খাবারের প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত