আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড । এই স্কোয়াডে বিশ্রাম দেওয়া হয়েছে দলের তারকা পেসার জাসপ্রিত বুমরাহ এবং অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। শুবমান গিলের নেতৃত্বাধীন এই টেস্ট দলে ঋষভ পান্তের স্থলাভিষিক্ত হয়ে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লোকেশ (কেএল) রাহুল।
গত নভেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ ব্যবধানে সিরিজ হারার পর এটিই ভারতের প্রথম টেস্ট ম্যাচ।
বুমরাহ ও জাদেজা ছাড়াও গত টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেল ও পেসার আকাশ দীপ। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন রাজস্থানের বাঁহাতি স্পিনার মানব সুথার এবং পাঞ্জাবের পেসার গুরনুর ব্রার। এছাড়া বিদর্ভের বাঁহাতি স্পিনার হার্ষ দুবেও টেস্ট দলে জায়গা করে নিয়েছেন।
গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হারার পর এই সংস্করণের দলে বড় পরিবর্তন আনা হয়েছে। ওয়ানডে দলে প্রত্যাবর্তন ঘটেছে হার্দিক পান্ডিয়া ও ইশান কিশানের। তবে ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছেন ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, আয়ুশ বাদোনি, হার্শিত রানা ও মোহাম্মদ সিরাজ।
৬-১০ জুন নতুন চণ্ডীগড়ে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচটি। এরপর ১৩, ১৭ ও ২০ জুন যথাক্রমে ধর্মশালা, লক্ষ্ণৌ এবং চেন্নাইতে অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে ম্যাচ। এর আগে ২০১৮ সালে এই দুই দল একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছিল, যেখানে ভারত ইনিংস ও ২৬২ রানের ব্যবধানে জিতেছিল।
ভারত টেস্ট স্কোয়াড
শুবমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল (সহ-অধিনায়ক), সাই সুদর্শন, ঋষভ পান্ত, দেবদত্ত পাডিক্কাল, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, মানব সুথার, গুরনুর ব্রার, হার্ষ দুবে, ধ্রুব জুরেল।
ভারত ওয়ানডে স্কোয়াড
শুবমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), কেএল রাহুল, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, প্রিন্স যাদব, গুরনুর ব্রার, হার্ষ দুবে।
স্বর্ণপদক ছাপিয়ে চাকরির জন্য হাহাকার শিরিনের