সংসদে পিছিয়ে পড়া মানুষের পক্ষে জোট গড়ার উদ্যোগ

আপডেট : ২০ মে ২০২৬, ০২:৩৯ এএম

জাতীয় সংসদে ‘পিছিয়ে পড়া’ প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর আরও জোরালোভাবে তুলে ধরার লক্ষ্যে গতকাল জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম, এমপির সঙ্গে বৈঠক করেছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের একটি প্রতিনিধিদল। বৈঠকে স্পিকার নাগরিক প্ল্যাটফর্মের প্রস্তাবিত সর্বদলীয় সংসদীয় ককাস গঠনের উদ্যোগকে স্বাগত জানান এবং এর বাস্তবায়নে প্রয়োজনীয় সংসদীয় প্রক্রিয়া সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।

‘হাউস অব দ্য পিপল’ বা জনগণের সংসদ হিসেবে পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করাকে জাতীয় সংসদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে অভিহিত করে স্পিকার বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। উন্নয়ন প্রক্রিয়ায় পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও স্বার্থ রক্ষায় সংসদে একটি সর্বদলীয় ককাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে প্রতিনিধিদলটি বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, বেসরকারি বিনিয়োগ এবং সুশাসনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করে। আলোচনায় উল্লেখ করা হয় যে, সমাজের একটি অংশ কেবল পিছিয়ে পড়েনি; বরং রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কাঠামোগত কারণে তাদের ‘পিছিয়ে রাখা’ হয়েছে।

বৈঠকে নাগরিক প্ল্যাটফর্মের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন কোর গ্রুপ সদস্য রাশেদা কে চৌধুরী, ড. মুশতাক রাজা চৌধুরী, শাহীন আনাম, ড. ইফতেখারুজ্জামান, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সৈয়দ নাসিম মঞ্জুর, নাগরিক প্ল্যাটফর্মের সমন্বয়ক আনিসাতুল ফাতেমা ইউসুফ, সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান, নাগরিক প্ল্যাটফর্মের নেটওয়ার্ক ফোকাল পয়েন্ট তারান্নুম জিনান, সিপিডির সংলাপ সহযোগী মো. রিফাত বিন আওলাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত