কয়রায় বেড়িবাঁধের মাটি যাচ্ছে দুই ইটভাটায়, ঝুঁকিতে বাঁধ

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পিএম

খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের নাকশা গ্রামে কপোতাক্ষ নদের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের ঢাল কেটে মাটি নেওয়া হচ্ছে ইটভাটায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এক্সকাভেটর দিয়ে বাঁধের মাটি কেটে দুটি ইটভাটায় নেওয়া হচ্ছে। এতে বাঁধের সুরক্ষা দুর্বল হওয়ার পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রাস্তা ও নদীর পাড় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে সুন্দরবনের কাছাকাছি এলাকায় অনুমোদনহীন ইটভাটা চালু থাকায় পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়েও উদ্বেগ রয়েছে।

সরেজমিনে দেখা যায়, নাকশা গ্রামে কপোতাক্ষ নদের বেড়িবাঁধের পাশে দুটি ইটভাটা রয়েছে। এর একটি ইকরামুল হকের মালিকানাধীন সানা ব্রিকস, যা এসবিআই নামেও পরিচিত। অন্যটি মো. সোহরাব আলীর মালিকানাধীন এসএস ব্রিকস। ইটভাটার পাশেই এক্সকাভেটর দিয়ে বাঁধের ঢাল থেকে মাটি কাটা হচ্ছে। পরে সেই মাটি নেওয়া হচ্ছে ইটভাটায়। মাটি কাটার ফলে বাঁধের কয়েকটি স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, উপকূলীয় এ অঞ্চলে বেড়িবাঁধই মানুষের ঘরবাড়ি, ফসলি জমি ও জনপদকে জলোচ্ছ্বাসের পানি থেকে রক্ষা করে। বাঁধের ঢাল কেটে মাটি নেওয়া হলে এর স্বাভাবিক সুরক্ষা ব্যাহত হতে পারে। বিশেষ করে বর্ষা ও দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে পানি প্রবেশের ঝুঁকি বাড়বে। এতে বাঁধের পাশাপাশি পাউবোর রাস্তা ও নদীর পাড়ও ক্ষতির মুখে পড়তে পারে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. আইয়ুব রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘ধরেন, ইটভাটা আপনি করছেন, না হয় আপনার ভাই করছেন। এখন আমরা যদি এইটা বন্ধ কইরে দিই, তাহলে তো তারা ক্ষতিগ্রস্ত হবেন। সরকার যদি একেবারে বন্ধ কইরে দেয়, তাইলে আলাদা কথা। তবে ভেড়িবাঁধ থেইকে মাটি কাটা অবশ্যই অন্যায় হইছে। এইডা করা ঠিক অয়নি। আমি ঢাকায় ছিলাম। বাড়িতে আইছি। বিষয়ডা নিজে গিয়া দেইখে আসব।’

কয়রা উপজেলায় কোনো বৈধ ইটভাটা নেই বলে জানিয়েছেন খুলনা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ। তিনি বলেন, সুন্দরবনের কাছাকাছি এলাকায় ইটভাটা চালু থাকার বিষয়টি তার জানা ছিল না। বিষয়টি জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক খন্দকার মোহাম্মদ ফজলুল হক বলেন, ইটভাটার মৌসুম শুরুর আগেই অবৈধ ভাটার মালিকদের ডেকে সেখানে নতুন করে বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়েছিল। এসব ইটভাটার বৈধতা নেই। বিষয়টি এখন তার নজরে এসেছে। আগামী কয়েক দিনের মধ্যে সেখানে অভিযান চালানো হবে।

খন্দকার মোহাম্মদ ফজলুল হক বলেন, ‘অবৈধ ইটভাটা বন্ধ করতে গিয়ে প্রয়োজনে আমাকে বদলি হতে হলেও পিছপা হব না। তবু কোনোভাবেই এসব অবৈধ ইটভাটা চালু থাকতে দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, প্রতিবছর এসব অবৈধ ইটভাটা চালু হওয়ার পেছনে তার দপ্তরের কিছু কর্মকর্তার সম্পৃক্ততা রয়েছে বলেও তিনি শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাশিদুর রহমান বলেন, বিষয়টি স্থানীয় কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এদিকে ইটভাটার ধোঁয়া ও ধুলায় আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে বলেও অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, ইট পোড়ানোর সময় নির্গত ধোঁয়ার কারণে এলাকায় কাশি, শ্বাসকষ্ট ও হাঁপানিসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। সুন্দরবনের কাছাকাছি এসব ইটভাটা চালু থাকায় বনের পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপরও বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা তাদের।

তবে নদীর বাঁধের মাটি নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সানা ব্রিকসের ব্যবস্থাপক টোটন আহমেদ। যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি এখন কয়রার বাইরে, শহরে আছেন। বিষয়টি খোঁজ নিয়ে জানাবেন। তার দাবি, তারা নদীর মাটি ব্যবহার করেন না।

অন্যদিকে এসএস ব্রিকসের মালিক মো. সোহরাব আলী বলেন, ‘আমরা নদী থেকে মাটি তুলি। বিশেষ করে নদীর পলি মাটি সংগ্রহ করে ইট তৈরি করি। এ ছাড়া এলাকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও মাটি কিনে ইট প্রস্তুত করা হয়। নদীর বাঁধের পাশ থেকে মাটি সংগ্রহ করলেও এতে বাঁধের কোনো ক্ষতি হয় না।’

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল বাকী বলেন, পরিবেশ অধিদপ্তর থেকে বিষয়টি জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে পাউবোর বেড়িবাঁধের পাশ থেকে মাটি কেটে নেওয়ার বিষয়টি তার জানা নেই।

সর্বশেষ সর্বাধিক পঠিত