ট্রান্সফরমার চুরি করতে এসে গণপিটুনিতে যুবক নিহত

আপডেট : ২০ মে ২০২৬, ০৫:৫১ পিএম

বগুড়ার শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে এসে গণপিটুনিতে ফজলে রাব্বি (২৪) নামের এক চোর নিহত ও জাহাঙ্গীর হোসেন (৩০) নামের আরেক চোর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের চন্ডেশ্বর গ্রামের গণপিটুনির ঘটনা ঘটে।

নিহত ফজলে রাব্বী বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের নাটাবাড়ি গ্রামের বুলু মিয়ার ছেলে ও আহত জাহাঙ্গীর একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

এলাকাবাসী ও শেরপুর থানা পুলিশ সূত্র জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের চন্ডেশ্বর গ্রামের রমজান আলীর ট্রান্সফরমার চুরি করার সময় চন্ডেশ্বর ও আকরামপুর গ্রামের লোকজন মিলে চোর ফজলে রাব্বি ও জাহাঙ্গীর হোসেনকে ধরে গণপিটুনি দেন। গণপিটুনির শিকার ওই দুইজনকে গুরুতর আহত অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে ফজলে রাব্বি মারা যান। আহত জাহাঙ্গীর হোসেন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পর লাশটি উদ্ধার করে করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছেন। 
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, ঘটনা জানার পর সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বগুড়া পাঠানো হয়েছে। এই ঘটনায় শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত