নিখোঁজের ৩ দিন পর নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৯:০৪ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে তিনদিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ বাদশা শেখ নামে এক নৈশপ্রহরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উত্তরপাড়া সাঁওতা গ্রামের একটি কলাবাগান থেকে  তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত বাদশা শেখ (৪২) ওই গ্রামের বাসিন্দা ও কালীগঙ্গা নদীর একটি মাছ চাষ প্রকল্পে নৈশপ্রহরী ছিলেন।

মৃতের আত্মীয় চাপড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হেলাল শেখ জানান, গত ১৩ জুলাই সন্ধ্যায় প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের স্বজনরা সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও সন্ধান পায়নি। বুধবার সকাল ১১টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবারের লোকজন বাদশার মরদেহ শনাক্ত করে।

বাঁধ বাজার পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, মরদেহটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে সুরতহালে করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানাতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত