ঈদকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর থেকে ঢাকায় গরু পরিবহনে বিশেষ ক্যাটল ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। কম খরচ, পথে ভোগান্তির ঝামেলা না থাকায় গরু ব্যবসায়ী, কৃষক ও খামারিদের কাছে এ ট্রেনের আগ্রহ বেড়েছে। ইতোমধ্যে তিনটি ট্রেনের সব ওয়াগন বুকিং হয়েছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার।
শুক্রবার (২২ মে) বিকাল সাড়ে ৪ টার দিকে ইসলামপুর রেলওয়ের স্টেশন থেকে প্রথম ক্যাটল স্পেশাল ট্রেনটি ছেড়ে যায়।
রেলওয়ে সূত্র জানিয়েছেন, প্রথম ক্যাটল ট্রেনটি ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। ট্রেনে ২৫ টি করে ওয়াগন রয়েছে। প্রতিটি ওয়াগনে ১৬ টি করে গরু নেওয়া যায়। আর একটি ওয়াগনের ভাড়া নির্ধারন করা হয়েছে ৮ হাজার টাকা। এতে একটি গরু ঢাকায় নিতে খরচ মাত্র ৫শ টাকা। আজ দুটি ট্রেনে ৮শ গরু ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাবে। একটি ট্রেনে ৪০০টি গরু নেওয়া যাবে। এবার তিনটি ট্রেনে ৭৫টি ওয়াগন বরাদ্দ দেওয়া হয়েছে। সব মিলিয়ে ১২০০ গরু ঢাকায় নেওয়া হবে। এরমধ্যে সবগুলো ওয়াগন থেকে বুকিং হয়েছে।
গরু ব্যবসায়ীরা জানিয়েছেন, ট্রেনে পরিবহন ব্যয় যেমন কম, তেমনি পথে হয়রানি এবং ঝুঁকিও কম। এতে গরু সুস্থ থাকে, কোনো ক্ষতি হয় না।
ইসলামপুরের কৃষক সহির আলী বলেছেন, ট্রাকে গরু নেওয়ায় ঝুঁকি থাকে। ট্রাকে গরু নিয়ে গেলে পথে পথে চাঁদা দিতে হয়। এছাড়া যানজট ও নানা ঝামেলা হয়। ট্রেনে এসব ঝামেলা নেই। ট্রেনে কম খরচে সহজেই নিয়ে যাওয়া যায়।
ইসলামপুরের পলবন্ধা ইউনিয়নের সিরাজাবাদ এলাকার কৃষক আরিফ হোসেন দুইটি গরু নিয়ে ঢাকায় যাচ্ছেন। তিনি বলেছেন, ট্রাকে গরু নিয়ে গেলে ঝাকিতে অসুস্থ হয়ে যায়। যানজটে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। আর বিভিন্ন জায়গায় তো চাঁদার ঝামেলা থাকেই।
আরেক ব্যবসায়ী আবদুল কদ্দুস বলেছেন, এবার ৪ টা গরু ঢাকায় নিয়ে যাচ্ছি। এতে খরচ অর্ধেকেরও কম। ঝুঁকিও নাই। তাই এখন বেশিরভাগ ব্যবসায়ী ট্রেনেই গরু নিয়ে যায়।
এ বিষয়ে স্টেশন মাস্টার শাহীন মিয়া বলেছেন, ক্যাটল ট্রেন চালুর পর ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এখন চাহিদা অনেক বেড়েছে। কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কারণে বেশি ট্রেন দেওয়া সম্ভব হয়নি। ইতোমধ্যে সব ট্রেনের ওয়াগন বুকিং সম্পন্ন হয়েছে। ইসলামপুর থেকে ট্রেন ছাড়ার পর এটি কোথাও থামবে না। সরাসরি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে গিয়ে পৌঁছাবে।
প্রসঙ্গত, ২০২০ সালে করোনাকালিন সময় থেকে বাংলাদেশ রেলওয়ে ঈদুল আজহাকে সামনে রেখে প্রথম গরু পরিবহনে ক্যাটল ট্রেন সার্ভিস চালু করেন।
